আমাদের হুমকি দেবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং গতকাল বৃহস্পতিবার বলেছেন, কারোর উচিত না ভারতকে ‘হুমকি দেওয়া বা সতর্ক করা’। অরুণাচল প্রদেশ রাজ্যের সীমান্তে ভারতের সড়ক নির্মাণের পরিকল্পনায় চীন আপত্তি জানানোর পর তিনি এসব কথা বললেন। খবর এনডিটিভির।
ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজুজু গত মঙ্গলবার জানান, অরুণাচল প্রদেশের তাওয়াং জেলা থেকে ছাঙলাং জেলার বিজয়নগর পর্যন্ত দুই হাজার কিলোমিটার সীমান্তজুড়ে সড়ক নির্মাণের পরিকল্পনা করছে তাঁর সরকার।
ভারতীয় মন্ত্রীর ওই মন্তব্যের পরদিন বুধবার দুই দেশের সীমান্ত সমস্যা ‘আরও জটিল না করতে’ ভারতের প্রতি আহ্বান জানায় চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লেই বলেন, ‘আমরা আশা করব, সীমান্ত সমস্যার সমাধান হওয়ার আগে ভারতের পক্ষ থেকে এমন কোনো পদক্ষেপ নেওয়া হবে না, যাতে করে বিষয়টি আরও জটিল হয়ে ওঠে।’
প্রসঙ্গত, অরুণাচল প্রদেশের ওপর চীনের ভূখণ্ডগত দাবি রয়েছে। তারা দাবি করে, ভারতের অরুণাচল প্রদেশ দক্ষিণ তিব্বতেরই একটি অংশ।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল ন্যাশনাল সিকিউরিটি গার্ডের এক অনুষ্ঠানে বলেন, ‘ভারত নিজেদের মতো করে সক্ষমতা অর্জন করেছে। দুই পক্ষেরই উচিত সংলাপের মাধ্যমে সীমান্ত সমস্যার সমাধান করা।’
রাজনাথ সিং আরও বলেন, ‘চীন ইতিমধ্যে সীমান্তজুড়ে তাদের সড়ক ও রেলপথের নেটওয়ার্ক তৈরি করেছে। আর আমরা আমাদের ভূখণ্ডের মধ্যে যা কিছু করি না কেন, তাতে চীনের উদ্বিগ্ন হওয়া উচিত নয়।’ তিনি বলেন, অরুণাচল প্রদেশের সীমান্তে রাস্তা তৈরির জন্য মন্ত্রিসভার অনুমোদন চেয়েছে তাঁর মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ও প্রাথমিক সমর্থন দিয়েছে।
ব্যাপক মহাসড়ক নির্মাণের পাশাপাশি চীনের তৈরি রেল নেটওয়ার্ক ভারতের সিকিম সীমান্ত পর্যন্ত পৌঁছে গেছে। এ ছাড়া অরুণাচল প্রদেশের সীমান্তের কাছাকাছি নিয়াংচি পর্যন্ত আরেকটি নতুন রেলপথ নির্মাণের ঘোষণা দিয়েছে চীন। তিব্বত অঞ্চলে পাঁচটি বিমানবন্দরও নির্মাণ করেছে দেশটি।
সীমান্ত সমস্যা সমাধানের জন্য ভারত ও চীনের মধ্যে এ পর্যন্ত ১৭ বার আলোচনা হয়েছে। কিন্তু কোনো চূড়ান্ত সমাধান হয়নি।
গত মাসে লাদাখ সীমান্তে মুখোমুখি অবস্থানে চলে যায় ভারত ও চীনের সেনারা। পরে উভয় দেশ সেনা সরিয়ে নিতে সম্মত হয়।