আমার নিরাপত্তা তুলে মুম্বাইকে নিরাপদ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির খান
আমির খান

আমির খান, শাহরুখ খানসহ বলিউডের জনপ্রিয় অভিনেতাদের নিরাপত্তা কমানো হবে কি না, তা নিয়ে হয়তো মুম্বাই পুলিশ দ্বিধাদ্বন্দ্বে। কিন্তু আমির খান সাফ জানিয়ে দিয়েছেন, তাঁর পুলিশি নিরাপত্তার দরকার নেই।
এমন এক সময়ে বলিউডের জনপ্রিয় ব্যক্তিত্বদের পুলিশি নিরাপত্তা কমিয়ে দেওয়ার গুঞ্জন চাউর হলো, যখন ভারতে ধর্মীয় অসহিষ্ণুতার বিরুদ্ধে মন্তব্য করে খানরা তোপের মুখে রয়েছেন।
পিকে ও লগন-এর মতো ব্লকবাস্টার চলচ্চিত্রের অভিনেতা আমির খান টুইটারে লিখেছেন, ‘আমার নিরাপত্তা কমানোর বিষয়ে মুম্বাই পুলিশের পদক্ষেপকে আমি পূর্ণাঙ্গভাবে সমর্থন করি। এই শহরকে নিরাপদ করার অধিকতর ভালো কাজে এসব নিরাপত্তাকর্মীকে লাগানো যেতে পারে। মুম্বাই পুলিশ যদি চায় এবং যখন মনে করবে আমার নিরাপত্তা বাড়ানো উচিত, তখন তারা তা করতে পারবে। তাদের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে।’
গণমাধ্যমে গত শুক্রবার খবর বেরোয়, আমির খান, শাহরুখ খানসহ বলিউডের ৪০ জনপ্রিয় ব্যক্তিত্বের নিরাপত্তা কমানোর চিন্তাভাবনা করছে মুম্বাই পুলিশ। অভিনেতা অমিতাভ বচ্চন ও দিলীপ কুমার এবং গায়িকা লতা মঙ্গেশকরের নিরাপত্তা আগের মতোই থাকবে। তাঁদের নিরাপত্তায় দুজন সশস্ত্র কনস্টেবল এবং সশস্ত্র কনস্টেবলদের একটি যান এবং তাঁদের একজন সিকিউরিটি ইনচার্জ আগের মতোই দায়িত্ব পালন করে যাবেন। তবে আমির খান ও শাহরুখ খান শুধু দুজন সশস্ত্র কনস্টেবল পাবেন। পুলিশ সূত্র বলছে, বিতর্কের আশঙ্কায় পরে এমন পরিকল্পনা থেকে পিছু হটেছে মুম্বাই পুলিশ।