আমার লাশের ওপর দিয়ে এনআরসি করতে হবে: মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: ভাস্কর মুখার্জি
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: ভাস্কর মুখার্জি

পশ্চিমবঙ্গে জাতীয় নাগরিক নিবন্ধনের (এনআরসি) বিরুদ্ধে নিজের দৃঢ় অবস্থানের কথা আবারও তুলে ধরেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমা শহরে এক জনসভায় মমতা বলেছেন, ‘এই বাংলায় এনআরসি করতে দেব না, দিচ্ছি না। এনআরসি করতে হলে আমার লাশের ওপর দিয়ে করতে হবে। কিন্তু বাংলার মানুষ এই রাজ্যে রক্ত দিয়ে হলেও এনআরসি করতে দেবে না।’

মমতা বলেছেন, ‘বিজেপি, তোমার শক্তি কত, তা দেখতে চাই।’

এই বনগাঁ হলো পশ্চিমবঙ্গের মতুয়া সম্প্রদায়-অধ্যুষিত একটি লোকসভা কেন্দ্র। নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে এই মতুয়াদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। মতুয়ারা দীর্ঘদিন ধরে নাগরিকত্বের দাবি জানিয়ে এলেও সেই নাগরিকত্ব দিতে পারেননি মমতা। কারণ, নাগরিকত্ব দেওয়ার মালিক ভারতের কেন্দ্রীয় সরকার। ফলে, এই নাগরিকত্ব দেওয়ার নাম করে মতুয়াদের রাশ এবার টেনে নেয় বিজেপি। গত বছর লোকসভা নির্বাচনে এই আসন ছিনিয়ে নেয় বিজেপি। তাই মতুয়াদের মন পেতে এবার মাঠে নেমেছেন মমতা। এর পরিপ্রেক্ষিতে আজ জনসভা করেন মমতা।

মমতা এই জনসভা থেকে আরও ঘোষণা দেন, মতুয়ারা তো ভারতের নাগরিক। তাঁদের আবার কিসের নাগরিকত্ব? উদ্বাস্তুদের তিনি বস্তি এলাকার অধিকার দিয়েছেন। তাদের নিঃশর্ত জমির দলিল দিয়েছেন। জমির আইনি অধিকার দিয়েছেন।

মমতা বলেন, ‘আমি ভেদাভেদ মানি না। আমার কাছে সবাই সমান। আর ওরা (বিজেপি) বাঙালি-বাঙালি, হিন্দু-মুসলমান, মতুয়া-নমশূদ্র সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা লাগাতে চায়। ওদের সম্পর্কে সজাগ হোন। আমরা মানুষকে ঘৃণা করি না। যারা ঘৃণা করে, আমরা তাদের সঙ্গে নেই। আজ উদ্বাস্তুদের নিয়ে ওরা মিথ্যে কথা বলছে। মিথ্যে প্রচার করছে। ওদের কথা বিশ্বাস করবেন না।’

মমতা বলেন, ‘মতুয়া সম্প্রদায়ের বড় মায়ের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তাই ওদের কথায় বিভ্রান্ত হবেন না। আগে তো এই মতুয়াদের দিকে কেউ তাকাত না। আমরাই এগিয়ে এসেছি মতুয়াদের উন্নয়নের জন্য। তাঁদের জন্য রেলস্টেশন করে দিয়েছি। বিশ্ববিদ্যালয় করে দিয়েছি।’ মমতা আরও বলেন, একাত্তর সালে বাংলাদেশ থেকে যেসব উদ্বাস্তু আমাদের রাজ্যে এসেছেন, তাঁরা প্রত্যেকে এ দেশের নাগরিক। তাঁরা এই রাজ্যের নাগরিক।’

মমতা ক্ষোভের সঙ্গে আরও বলেন, ‘আজ বিজেপি, কংগ্রেস ও সিপিএম এক হয়ে গেছে। ওরা জগাই-মাধাই-গদাই। ওরা সকালে সিপিএম, দুপুরে কংগ্রেস এবং রাতে বিজেপি। ওদের সম্পর্কে সজাগ হোন। আবার বলছি, এই রাজ্যে আমরা সিএএ, এনআরসি এবং এনপিআরকে বিদায় করবই।’ তিনি বলেন, ‘ব্যাংকে গচ্ছিত টাকা কি আপনারা তুলতে পারবেন, সেই সন্দেহ আজ দিকে দিকে? কী নিশ্চয়তা আছে? কারণ, ওরা তো সব বেচে দিতে চাইছে।’

বিজেপির সমালোচনা করে মমতা বলেন, দেশকে আজ দেউলিয়া করেছে ওরা। বিক্রি করছে দেশের বড় বড় শিল্পকারখানাকে।

বনগাঁর পর আজ বিকেলে নদীয়ার রানাঘাটের হাবিবপুরে আরেকটি জনসভায় ভাষণ দেন মমতা। এই রানাঘাট এলাকাও মতুয়া–অধ্যুষিত।