আমার সরকার গরিবদেরই: মোদি

তাঁর সরকার প্রথম দিন থেকেই গরিবদের সরকার। এ সরকার কৃষকদের সুখ-দুঃখের সঙ্গী। ভারতের পার্লামেন্টের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরুর ঠিক আগের দিন গতকাল রোববার দলীয় সাংসদদের কর্মশালায় এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রাহুল গান্ধীর প্রত্যাবর্তন উপলক্ষে রামলীলা ময়দানের সমাবেশে বিজেপি সরকারের কৃষি ও জমিনীতিই যে কংগ্রেসের হাতিয়ার হতে চলেছে, তা ঠিকই অনুমান করেছিলেন মোদি। গতকাল সকালের ওই কর্মশালায় তিনি তাই বিজেপি সরকারের সাফল্য তুলে ধরতে সাংসদদের নির্দেশ দেন।
কংগ্রেস তাঁর সরকারের জমি অধিগ্রহণ নীতিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে, মোদির তা জানা। তবে তাঁর দাবি, সেই নীতি কৃষকদেরই স্বার্থে এবং তাতে কৃষকসমাজই উপকৃত হবে। সাংসদদের এ কথা কেন্দ্রে কেন্দ্রে প্রচারের নির্দেশ দিয়ে মোদি বলেন, ‘বিকৃতমনস্ক লোকজন জমিনীতি নিয়ে ভুল ব্যাখ্যা করছে। এই মিথ্যা প্রচারে দমবেন না। মাথা উঁচু করে নির্বাচনী কেন্দ্রে যান এবং লোকজনকে বোঝান, সরকার যা করছে, তা গরিব মানুষের ভালোর জন্যই করছে।’
বিরোধীরা ইতিমধ্যেই মোদি সরকারকে শিল্পবান্ধব ও কৃষিবিরোধীর তকমা দিয়েছে। এই প্রচারের মোকাবিলায় মোদি বলেন, অসময়ের বৃষ্টিতে ফসলহানি হয়েছে। কৃষকদের ক্ষতি হয়েছে। সেই ক্ষতিপূরণে সরকার দুটি সিদ্ধান্ত নিয়েছে। ৩৩ শতাংশ ফসল নষ্ট হলেই এখন চাষি ক্ষতিপূরণ পাবেন, আগে যা ছিল ৫০ শতাংশ। মোদি আরও বলেন, কেউ কেউ জন্মগতভাবে বিজেপির বিরোধিতা করে আসছে। বিজেপির সমালোচনা করার অধিকার তাদের নিশ্চয় আছে। কিন্তু নিজেদের নিরপেক্ষ বলার কোনো অধিকার তাদের নেই।