আমির খানের মতো পরিস্থিতিতে পড়েন এ আর রহমানও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ আর রহমান
এ আর রহমান

ভারতের ক্রমবর্ধমান ধর্মীয় ও সামাজিক অসহিষ্ণুতার পরিপ্রেক্ষিতে এবার মুখ খুললেন প্রখ্যাত সংগীত পরিচালক এ আর রহমান। কৃতী এ সংগীতজ্ঞের ভাষ্য, তাঁকেও বলিউডের অভিনেতা আমির খানের মতো পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। খবর আইএএনএসের।
কিছুদিন আগে মুহাম্মদ: দ্য মেসেঞ্জার অব গড চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করা নিয়ে উগ্রপন্থীদের তোপের মুখে পড়েন এ আর রহমান।
খ্যাতনামা এ সংগীত পরিচালক বলেন, ‘যেকোনো বিদ্রোহ হওয়া উচিত ধ্রুপদি। ভারতে এটি (অসহিষ্ণুতা নিয়ে বিতর্ক) মারামারির বদলে বরং ক্রমেই কাব্যিক রূপ পাচ্ছে। মনে রাখতে হবে, আমরা মহাত্মা গান্ধীর দেশের মানুষ।’
বলিউড অভিনেতা আমির খান গত সোমবার বলেন, ক্রমবর্ধমান অসহিষ্ণুতার ঘটনাগুলোয় তিনি আতঙ্কগ্রস্ত। আমির বলেন, ‘নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে কিরণ (স্ত্রী) এতটাই উদ্বিগ্ন যে আমাকে একদিন জিজ্ঞেস করেছিল আমাদের কি ভারত ছেড়ে চলে যাওয়া উচিত?’
এ আর রহমান বলেন, ‘আমিও এ ধরনের অবস্থার মুখোমুখি হয়েছি। তখন আমি বলেছিলাম, কোনো ধরনের সহিংস প্রতিক্রিয়া কাম্য নয়। আমরা তো খুবই সুসভ্য সংস্কৃতির অধিকারী। কিন্তু খুবই বিশৃঙ্খল প্রতিবাদ হচ্ছে। বিশ্বকে দেখানো উচিত যে আমরা সবচেয়ে সভ্য সংস্কৃতিগুলোর একটি।’