আমির বিতর্ক থামছে না, ঝড় উঠেছে ভারতজুড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির খানের বিরুদ্ধে গত মঙ্গলবার উত্তর প্রদেশের বিজেপির নেতা-কর্মীদের বিক্ষোভ l ছবি: আইএএনএস
আমির খানের বিরুদ্ধে গত মঙ্গলবার উত্তর প্রদেশের বিজেপির নেতা-কর্মীদের বিক্ষোভ l ছবি: আইএএনএস

অসহিষ্ণুতা নিয়ে বলিউড অভিনেতা আমির খানের মন্তব্য ঝড় তুলেছে ভারতজুড়ে। রাস্তাঘাট থেকে পার্লামেন্ট—সবখানে আমির বিতর্ক। কেউ তাঁর পক্ষে কেউ বিপক্ষে। শিবসেনার মতো কিছু উগ্রপন্থী সংগঠন যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে তাতে এই তর্কাতর্কির পারদ আরও চড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।
প্রভাবশালী পত্রিকা দ্য হিন্দু বলেছে, পাঞ্জাব শিবসেনার প্রধান রাজীব ট্যান্ডন প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, ‘ভারতে অসহিষ্ণুতা বেড়েছে’—এই মন্তব্য করার জন্য আমির খানের গালে কেউ চড় মারতে পারলে তাকে তাৎক্ষণিকভাবে এক লাখ রুপি পুরস্কার দেওয়া হবে। আমির খান শুটিং করতে পাঞ্জাবের লুধিয়ানা শহরের যে হোটেলে উঠেছেন, তার বাইরে শিবসেনা বিক্ষোভ করেছে।
তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল কলকাতায় একটি জনসভায় বলেছেন, আমির খান যে মন্তব্যই করে থাকুন না কেন তার জন্য তাঁকে দেশছাড়া করতে চাওয়ার অধিকার কারও নেই।
টাইমস অব ইন্ডিয়া বলেছে, অনলাইনে একটি জরিপ চালিয়ে তারা দেখেছে; অসহিষ্ণুতা ইস্যুতে আমির খানের ব্যাপারে বিজেপির অবস্থানকে ৮৫ শতাংশের বেশি মানুষ সমর্থন করে।
পাঞ্জাবে শিবসেনা নেতা রাজীব ট্যান্ডন বুধবার বলেন, ‘আমির খানের গালে যে চড় দিতে পারবে তাকে এক লাখ রুপি পুরস্কার দেওয়া হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের দেশে বাস করে কেউ যাতে ভারতের বিরুদ্ধে কথা বলার সাহস না পায়। যে কেউ...হোটেলের কর্মচারী কিংবা ফিল্ম ক্রু; যে-ই তাঁকে (আমির) চড় মারতে পারবে তাকেই লাখ রুপি পুরস্কার দেওয়া হবে।’
কট্টর হিন্দুত্ববাদী শিবসেনার পক্ষ থেকে বলা হয়েছে, ট্যান্ডন ব্যক্তিগতভাবে এই ‘পুরস্কার’ ঘোষণা করেছেন। এটা সংগঠনের সিদ্ধান্ত নয়।
দ্য হিন্দু পত্রিকার খবরে আরও বলা হয়েছে, গতকাল কলকাতার শহীদ মিনার চত্বরে পশ্চিমবঙ্গের মুসলিম নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী আয়োজিত এক জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বক্তব্য দেন। সেখানে মমতা বলেন, ‘আমির ভুল হোক ঠিক হোক একটা মন্তব্য করেছেন। মন্তব্য করার অধিকার তাঁর আছে। তাঁর স্ত্রী কিছু একটা বলেছিলেন এবং আমির সেটা সম্পর্কে বলেছেন। এখন তাঁকে দেশ ছাড়তে বলা হচ্ছে, যেন দেশটা কেবলই তাদের; কিন্তু দেশটা সবার।
আমির খান গত সোমবার এক সাক্ষাৎকারে বলেন, ক্রমবর্ধমান ধর্মীয় অসহিষ্ণুতার ঘটনায় তিনি উদ্বিগ্ন। আমির বলেন, ‘নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে কিরণ (স্ত্রী) এতটাই উদ্বিগ্ন যে আমাকে একদিন জিজ্ঞেস করেছিল, “আমাদের কি ভারত ছেড়ে চলে যাওয়া উচিত?’
বিতর্কের মুখে নিজের অবস্থান স্পষ্ট করেন আমির। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি বা আমার স্ত্রী কিরণ কারোরই দেশছাড়ার কোনো ইচ্ছা নেই।’