
রাহুল গান্ধীকে চরম কটাক্ষ করলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই শিল্পগোষ্ঠীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগের সদুত্তর দিলেন না। গতকাল বৃহস্পতিবার নিজের নির্বাচনী কেন্দ্র বারানসিতে এক সভায় রাহুলের নাম না করে তিনি বলেন, ‘একজন নেতা আছেন, যিনি এখনো শিখেই চলেছেন কী করে ভাষণ দিতে হয়। যত দিন না তিনি তা শিখছেন, তত দিন আমার আনন্দের সীমা নেই।’
কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী গত বুধবার গুজরাটে এক জনসভায় নরেন্দ্র মোদির বিরুদ্ধে ব্যক্তিগত দুর্নীতির অভিযোগ আনেন। তিনি বলেন, গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন বিড়লা ও সাহারা শিল্পগোষ্ঠীর কাছ থেকে মোদি মোট ৫৫ কোটি রুপি নিয়েছিলেন। অভিযোগের সমর্থনে রাহুল আয়কর বিভাগের উদ্ধার করা কিছু নথির প্রতিলিপিও দেখান। এই অভিযোগই তিনি সংসদে করতে চেয়েছিলেন। কিন্তু অনুমতি না পাওয়ায় সংবাদ সম্মেলন করে বলেছিলেন, দুর্নীতির তথ্য-প্রমাণ পেশ করলে দেশে ভূমিকম্প ঘটে যাবে।
ওই বক্তব্যকে ঠাট্টা করে মোদি বারানসিতে বলেন, ‘উনি ভূমিকম্পের ভয় দেখিয়েছিলেন। কথাটা বলে ফেলেছেন। এখন আর সেই আশঙ্কা নেই।’
সংসদ অচল করে দিয়ে রাহুল ও তাঁর দল কংগ্রেস কেন তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনছে, মোদি তারও ব্যাখ্যা দেন। বলেন, সন্ত্রাসবাদীরা যাতে নির্বিঘ্নে ঢুকতে পারে, তার জন্য পাকিস্তান সেনাবাহিনী গুলি চালিয়ে ভারতীয় নিরাপত্তারক্ষীদের ব্যস্ত রাখে। কালোটাকার বিরুদ্ধে সরকারি অভিযান ব্যর্থ করতে কংগ্রেসও তেমনই ফায়ারিং কভার দিচ্ছে। মোদির প্রশ্ন, কংগ্রেস কাদের স্বার্থ রক্ষা করতে চাইছে?
রাহুলকে মোদি খোঁচা দিলেও তাঁর তোলা মূল অভিযোগের জবাব কিন্তু তিনি বা তাঁর দলের কেউ এখনো দেননি। রাহুল গতকালও উত্তর প্রদেশে এক জনসভায় মোদির বিরুদ্ধে একই অভিযোগ করেছেন। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনি আমাকে যত খুশি কটাক্ষ করুন। তবে দোহাই, জনতার প্রশ্নের জবাব দিন। বিড়লা ও সাহারাদের টাকা আপনি নিয়েছেন কি না, সেই উত্তরটা দিন।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা বিজেপির কোনো নেতা গতকাল পর্যন্ত স্পষ্ট করে বলেননি যে রাহুলের অভিযোগ অনুযায়ী ওই দুই শিল্পগোষ্ঠীর কাছ থেকে তিনি কোনো টাকা নেননি। সাহারা ও বিড়লা গোষ্ঠীতে তল্লাশি চালিয়ে আয়কর বিভাগ যেসব তথ্য পেয়েছে বলে রাহুলের অভিযোগ, তার প্রতিলিপিও গতকাল তিনি টুইট করেন। তাতে কোন তারিখে মোদিকে কত টাকা দেওয়া হয়েছে, সেই হিসাব লেখা রয়েছে। রাহুলের প্রশ্ন, ২০১২-১৩ সালে পাঠানো ওই প্যাকেটগুলোয় কী ছিল, তা কি মোদিজি দয়া করে জানাবেন?