আরএসএসকে নিয়ে রাহুলের টিপ্পনী

ভারত সরকারের কাজে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) হস্তক্ষেপের কড়া সমালোচনা করেছেন কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী। তিনি বলেছেন, আরএসএস হলো সেই অরাষ্ট্রীয় চরিত্রদের মতো, যারা সরকারকে নিয়ন্ত্রণ করছে।
বিজেপি সরকার আরএসএসের নীতি ও আদর্শ মেনে কাজকর্ম করছে কি না, তা খতিয়ে দেখতে রাজধানীতে তিন দিন ধরে শিবিরের আয়োজন হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিজেপির সব মন্ত্রী ও দলের শীর্ষ নেতা পালা করে এতে যোগ দেন। আরএসএস-প্রধান মোহন ভাগবতসহ অন্য নেতারা বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের পর্যালোচনা করেন ও নির্দেশনা দেন। সংঘ পরিবারের অন্য সংগঠনের নেতারাও তিন দিনের এই শিবিরে উপস্থিত ছিলেন। রাহুল গান্ধীর আপত্তির কারণ সেটাই।
রাহুল গতকাল শনিবার এক টুইটে তাঁর ক্ষোভ প্রকাশ করেছেন। আরএসএসকে তিনি ‘নন স্টেট অ্যাক্টর’ বা অরাষ্ট্রীয় চরিত্রদের সঙ্গে তুলনা করেছেন, যারা আড়াল থেকে কলকাঠি নাড়ে। পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ সে দেশের জঙ্গিদের ‘নন স্টেট অ্যাক্টর’ হিসেবে চিহ্নিত করে জঙ্গিবাদের বিষয়ে সরকারি দায় এড়াতে চেয়েছিলেন। রাহুল সেই তুলনা টেনে বলেছেন, প্রধানমন্ত্রী মোদি দেশের সর্বত্র অরাষ্ট্রীয় উপদ্রবকারীদের দেখতে পান। শুধু তাঁর সরকারের বাইরে থেকে যারা কলকাঠি নাড়ছে তাদের দেখতে পান না।
অন্য কিছু বিরোধী দলও সরকারের ওপর আরএসএসের ‘খবরদারির’ সমালোচনা করেছেন। যদিও বিজেপি বা সরকার নির্বিকার। দলীয় সভাপতি অমিত শাহ বলেছেন, সংঘের আদর্শেই বিজেপি পরিচালিত। আর এই পর্যালোচনা নতুন কিছু নয়।