আরএসএসের কোপ রবীন্দ্রসাহিত্যে
এবার গৈরিকীকরণের কোপের মুখের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য। তাঁর সাহিত্য স্কুলপাঠ্য থেকে বাতিলের সুপারিশ করেছে আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘপন্থী ‘শিক্ষা সংস্কৃতি উত্থান ন্যাস’। অভিযোগ, রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদ ও মানবতাবাদের মধ্যে দ্বন্দ্ব তৈরির চেষ্টা করেছেন।
আরএসএসের সাবেক প্রবীণ নেতা দীননাথ বাত্রার এমন সুপারিশ শোনার পর গতকাল সোমবার উত্তাল হয়ে ওঠে ভারতের রাজ্যসভা। এদিন জিরো আওয়ারে এ বিষয় সংসদে তোলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তিনি বলেন, ‘কবিগুরু দেশের সম্পদ। তিনি ভারতের জাতীয় সংগীত রচনা করেছেন। তাঁকেই পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া হবে? এসব কী হচ্ছে দেশে? আমরা কবিগুরুকে নিয়ে রাজনীতি করতে চাই না। আমরা চাই এ ব্যাপারে সরকারের বিবৃতি।’ তিনি এ কথাও বলেছেন, এই ইস্যুতে সরকারের মনোভাব কী, তা জানতে চেয়ে আজ মঙ্গলবার তাঁরা সরকারকে নোটিশ দেবেন।
অন্যদিকে, তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, ‘বিশ্বকবিকে আটকে রাখার এই উদ্ভট চিন্তার বিরুদ্ধে শুধু বাংলার মানুষই নয়, গোটা দেশে প্রতিবাদের ঝড় উঠবে।’ সিপিএমের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচিুর বলেছেন, ‘রবীন্দ্রনাথ ও বাংলাকেই নয়, গোটা দেশকে অপমান করা হয়েছে।’ তিনি আরএসএসকে স্মরণ করিয়ে দেন, জাতীয় সংগীতের রচনা করেছেন কিন্তু নোবেলজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর।
ঘটনার সূত্রপাত ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা এসসিইআরটির কাছে আরএসএসের শিক্ষা শাখা বিদ্যাভারতীর সাবেক প্রধান দীননাথ বাত্রা এমন সুপারিশ করায়। আজ এ-সংক্রান্ত খবর কলকাতার সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। সেসব খবরে বলা হয়, দীননাথ দাবি করেছেন, পাঠ্যপুস্তক থেকে ইংরেজি, উর্দু ও আরবি শব্দ বাদ দেওয়া হোক। তাঁর আক্রমণ থেকে অবশ্য বাদ যায়নি মকবুল ফিদা হোসেন, মির্জা গালিব থেকে মোগল আমলও। তাঁর আরেক অভিযোগ পাঠ্যপুস্তকে পক্ষপাতমূলক সিলেবাস তৈরি করা হয়েছে।
এই খবরে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কলকাতার বিজ্ঞজনেরা। প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ বলেছেন, ‘জ্ঞান যেথা মুক্ত, এমন একটা দেশ যিনি দেখতে চেয়েছিলেন, তিনি যে আরএসএসের রোষভাজন হবেন, তাতে কোনো বিস্ময় নেই। দেশজোড়া সর্বনাশের চিহ্নগুলো কেবলই প্রকট হয়ে উঠছে। এখনই প্রবল প্রতিবাদ হওয়া দরকার।’
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার বলেছেন, ‘ভয়ংকর প্রস্তাব! কোনো পরিণতবয়স্ক মানুষ কী করে এমন মন্তব্য করতে পারেন, ভাবতে পারছি না। মানুষ কী করে এমন অর্বাচীনের মতো কথা বলতে পারেন, ভেবে পাচ্ছি না। এই দেশের সংস্কৃতি তো বহুমুখী।’
লেখিকা নবনীতা দেবসেন বলেছেন, ‘যিনিই এমন কথা বলেছেন, তাঁর শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে সন্দেহ আছে।’
কবি জয় গোস্বামী বলেছেন, ‘যাঁরা চাইছেন রবীন্দ্রনাথকে পাঠ্যপুস্তক থেকে বাদ দিতে, তাঁরা অন্ধকারাচ্ছন্ন মন নিয়ে এ কথা বলেছেন।’