আরও দু-তিন সপ্তাহ বিদেশে থাকবেন জাকির নায়েক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ইসলামি বক্তা জাকির নায়েক আরও দু-তিন সপ্তাহ বিদেশে থাকবেন। তবে তিনি ভারতের যেকোনো তদন্ত সংস্থাকে সহযোগিতার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন। সৌদি আরব থেকে গতকাল সোমবার তাঁর মুম্বাইয়ে ফেরার কথা ছিল।

উসকানিমূলক বক্তব্য দিয়ে সন্ত্রাসবাদে প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে জাকির নায়েকের বিরুদ্ধে। স্কাইপির মাধ্যমে সৌদি আরব থেকে একটি সংবাদ সম্মেলনে আজ মঙ্গলবার তাঁর অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু সেটি বাতিল করা হয়েছে। গতকাল প্রকাশিত এক বিবৃতিতে জাকির নায়েক বলেন, ভারতের কোনো সরকারি সংস্থা তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে কিছু জানার জন্য যোগাযোগ করেনি।

সংবাদমাধ্যমের বিরুদ্ধে অভিযোগ করে জাকির নায়েক বলেন, তারা তথ্য বিকৃত করছে এবং হুবহু বিবৃতি প্রকাশ করছে না। উদ্দেশ্যমূলকভাবেই তারা এই অবস্থান নিয়েছে। সময় পেলে তিনি কয়েক দিনের মধ্যেই ভিডিওর মাধ্যমে প্রধান কয়েকটি অভিযোগের জবাব দেবেন। তিনি কোনো ধরনের সন্ত্রাসবাদ বা সহিংসতা সমর্থন করেন না, কোনো সন্ত্রাসী সংগঠনকেও নয়।

জাকির নায়েকের একজন সহযোগী বলেন, তাঁর (জাকির) সফরসূচি অনেক আগেই নির্ধারণ করা হয়েছে। ওমরাহ পালনের পর তিনি জেদ্দা সফরে গিয়েছেন। সেখান থেকে আফ্রিকায় গিয়ে নির্ধারিত অনুষ্ঠানে অংশ নেবেন। তারপর দু-তিন সপ্তাহের মধ্যে ভারতে ফিরবেন।

বাংলাদেশে সাম্প্রতিক জঙ্গি হামলায় যুক্ত একাধিক তরুণ জাকির নায়েকের বক্তব্যে অনুপ্রাণিত হয়েছিলেন বলে তথ্য প্রকাশিত হওয়ায় তিনি আলোচনায় উঠে এসেছেন।

বিবিসি বাংলার খবরে বলা হয়, পিস টিভিতে জাকির নায়েকের নানা বক্তৃতা নিয়ে যেসব প্রশ্ন উঠেছে এবং জঙ্গিবাদে মদদ দেওয়ার যে অভিযোগ উঠেছে, ভারতে ফেরামাত্র সেই সব বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে মুম্বাই পুলিশ সূত্র জানিয়েছে।