আরও বিক্ষোভের ইঙ্গিত দিলেন সোনিয়া গান্ধী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় সাংসদদের বহিষ্কারাদেশের বিরুদ্ধে বিক্ষোভ আরও বাড়বে বলে জানিয়ে দিলেন ভারতের কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়া গান্ধী। গতকাল বুধবার সংসদ ভবনে গান্ধীমূর্তির সামনে দ্বিতীয় দিনের বিক্ষোভ চলার সময় এ কথা বলেন সোনিয়া। বিক্ষোভ সমাবেশে কংগ্রেসের সঙ্গে যোগ দেন সিপিআই, সিপিএম ও জনতা দলের (সংযুক্ত) নেতারা। কংগ্রেসের সঙ্গে এই দলগুলোসহ মোট নয়টি দল গতকাল লোকসভা বয়কট করে। রাজ্যসভাও মুলতবি হয়ে যায় সারা দিনের মতো।
লোকসভা দিনের পর দিন ভন্ডুল করে দেওয়ার জন্য গত সোমবার সংসদের কংগ্রেস-দলীয় ২৫ সাংসদকে পাঁচ দিনের জন্য বহিষ্কার করেন পার্লামেন্টের স্পিকার। সেই বহিষ্কারাদেশ তুলে নেওয়ার একটা উদ্যোগ গত মঙ্গলবার দুপুর থেকে শুরু হয়েছিল। গতকাল সকালে সেই প্রশ্নই সোনিয়াকে করা হলে তিনি বলেন, এমন কিছু হচ্ছে বলে তিনি জানেন না। সরকারের স্বৈরতন্ত্রী মনোভাবের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ আগামী দিনে আরও তীব্র হবে।
লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনের বাড়ির সামনে গতকাল যুব কংগ্রেস বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে। বিভিন্ন রাজ্যেও কংগ্রেস বিক্ষোভ দেখায়। স্পিকারের সিদ্ধান্ত নির্বাচনে পর্যুদস্ত ও হতোদ্যম কংগ্রেসকে যেমন চনমনে করে তুলেছে, তেমনি বিজেপিবিরোধী শক্তিগুলোকে একজোট হতে সহায়তা করেছে। বিহারের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির কাছে এই জোটবদ্ধতা উদ্বেগের কারণ হয়ে উঠবে বলে দলটির একাংশের অভিমত।
সংসদের অধিবেশন শুরুর আগে কংগ্রেস বিক্ষোভ দেখানোর কর্মসূচি গ্রহণ করে মঙ্গলবার থেকে। গতকাল সেই সমাবেশে জনতা দল (সংযুক্ত) সভাপতি শারদ যাদব, সিপিআইয়ের ডি রাজা, সিপিএমের করুণাকরণ, এনসিপির সুপ্রিয়া সুলে, সমাজবাদী পার্টির ধর্মেন্দ্র যাদবেরাও যোগ দেন। এই দলগুলোর সঙ্গে তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, এনসিপিও লোকসভা বয়কট করে।