আরেক জেএমবি সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিস মোহাম্মদ। ছবি: সংগৃহীত
শিস মোহাম্মদ। ছবি: সংগৃহীত

তিব্বতের ধর্মগুরু দালাই লামাকে হত্যা পরিকল্পনায় জড়িত সন্দেহে নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আরেক সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে ভারতীয় পুলিশ। গত শুক্রবার রাতে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জ থেকে শিস মোহাম্মদ নামের এক ‘জঙ্গি’কে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্সের (এসটিএফ) সদস্যরা। গতকাল শনিবার তাঁকে কলকাতার নগর দায়রা আদালতে তোলা হয়। আদালত তাঁকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

গ্রেপ্তার হওয়া শিস মোহাম্মদ (২৩) উচ্চমাধ্যমিক পাস। শামসেরগঞ্জের এলিজাবাদ গ্রামে বাস ছিল তাঁর। জামাকাপড়ের দোকান চালাতেন তিনি।

এর আগে গত বুধবার রাতে শেখ জামিরুল ও শেখ পয়গম্বর নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা বাংলাদেশে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য বলে দাবি করে পুলিশ। 
পুলিশের ভাষ্য, মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার প্রতিশোধ নিতে ভারতের বিহার রাজ্যের বৌদ্ধ সম্প্রদায়ের পবিত্র তীর্থভূমি বুদ্ধগয়ায় সফরে আসা দালাই লামাকে হত্যার পরিকল্পনা করেছিলেন তাঁরা।

খাগড়াগড় বিস্ফোরণ ঘটনার সঙ্গেও এই তিন ‘জঙ্গি’র সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেছে পুলিশ। ২০১৪ সালে খাগড়াগড়ের একটি ভাড়া বাড়িতে আস্তানা গেড়ে ছিল জেএমবি জঙ্গিরা। বাড়িতেই বিস্ফোরক তৈরি করতে গিয়ে ওই বছরের ২ অক্টোবর নিহত হয়েছিলেন জেএমবির সদস্য শাকিল আহমেদ। গুরুতর আহত হয়েছিলেন সোবহান মণ্ডল ও আবদুল হাকিম। পরে মারা যান আবদুল হাকিম। ওই বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছিল দুই নারীকেও। মামলাটি তদন্তের দায়িত্ব নেয় ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এনআইএ)। খাগড়াগড় বিস্ফোরণ ঘটনার বিচার চলছে কলকাতার বিশেষ নগর দায়রা আদালতে। ইতিমধ্যে এই মামলায় এনআইএ ২৮ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। ৪৬০ জনের সাক্ষ্য নিয়েছে।