আরেক স্বঘোষিত 'বাবার' আবির্ভাব
ভারতের দিল্লি রোহিণী এলাকার একটি আশ্রম ও আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয় থেকে নতুন করে আরেক স্বঘোষিত ‘গডম্যান’ বা বাবার সন্ধান মিলেছে। অভিযোগ উঠেছে, এই স্বঘোষিত বাবা বীরেন্দ্র দেব দীক্ষিত আশ্রমের কিশোরীদের যৌন নিপীড়ন করতেন।
কিশোরীদের অভিভাবকেরা দিল্লি হাইকোর্টে একটি আবেদন জানান। আদালতের নির্দেশে বৃহস্পতিবার রাতে ওই আশ্রম থেকে উদ্ধার করা হয় ৪০ কিশোরীকে। তাদের দিল্লির বিভিন্ন হোমে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এর আগে ধর্ষণের দায়ে কারাবন্দি রয়েছেন হরিয়ানার কথিত সাধু গুরমিত রাম রহিম সিং ইনসান। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি তাঁরই আশ্রমের দুই সাধ্বীকে ধর্ষণ করেছিলেন। গত ২৫ আগস্ট গুরুমিত রাম রহিম সিং ইনসান গ্রেপ্তার হন। এরপর গত সপ্তাহে উত্তর প্রদেশের বস্তি জেলার সন্তু কুটির আশ্রমে স্বঘোষিত আরেক ধর্মগুরু স্বামী সচ্চিদানন্দের সন্ধান মেলে। তাঁর বিরুদ্ধে ওই আশ্রমেরই চার সাধ্বী অভিযোগ তুলে বলেন, ওই আশ্রমের স্বামীজি ও তাঁর সঙ্গী সাধুরা আশ্রমের সাধ্বীদের যৌন নির্যাতন করতেন। সেখানে শিকার হয়েছেন বহু সাধ্বী।
শুক্রবার নতুন করে স্বঘোষিত বাবার ঘটনা প্রকাশ হওয়ার পর বিস্তারিত রিপোর্ট চেয়েছেন আদালত। বিষয়টি তদন্তের জন্য সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আদালত দিল্লির কয়েকজন আইনজীবী ও দিল্লির মহিলা কমিশনের চেয়ারম্যান স্বাতী মালিওয়ালকে নিয়ে একটি তদন্ত প্যানেল তৈরি করে দিয়েছেন। তাঁরা এই ঘটনার তদন্ত করবেন।
দিল্লি পুলিশ ওই আশ্রমে অভিযান চালিয়ে উদ্ধার করেছে ৪০টি নাবালিকা কিশোরীকে। সঙ্গে আশ্রম থেকে উদ্ধার করেছে বিভিন্ন ধরনের ওষুধ ও ইনজেকশনের সিরিঞ্জ। পুলিশের ধারণা, এসব ওষুধ ও ইনজেকশন কিশোরীদের দেওয়া হতো।
অভিযোগ পাওয়া গেছে, এই ভণ্ড বাবার শিষ্যরা ভুলিয়ে কিশোরীদের নিয়ে আসত আশ্রমে। তাদের অভিভাবকদের বলা হতো এখানে ধর্মশিক্ষা দেওয়া হবে। এই লক্ষ্যে প্রত্যেক কিশোরীর অভিভাবকদের কাছ থেকে স্ট্যাম্পে লিখিত অনুমতি নেওয়া হতো। কিশোরীদের আশ্রমে ধর্মশিক্ষার নামে চালানো হতো যৌন নির্যাতন।