আর্থিক অনিয়মের অভিযোগ কেজরিওয়ালের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ভারতের দিল্লির রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে তোলপাড় সৃষ্টি করেছেন তাঁর সরকারের বরখাস্তকৃত পানিসম্পদমন্ত্রী কপিল মিশ্র। ক্ষমতাসীন আম আদমি পার্টির (এএপি) এই নেতা গতকাল রোববার অভিযোগ করেন, স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জেইনের কাছ থেকে কেজরিওয়ালকে ২ কোটি রুপি নিতে দেখেছেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জেইন বিষয়টি স্বীকার করে বলেছেন, কেজরিওয়ালের এক আত্মীয়ের পক্ষে ‘৫০ কোটি রুপি মূল্যের জমি কেনাবেচায় রফা’ করেছেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজালকে বিষয়টি জানানো হয়েছে।
দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলনের ধারাবাহিকতায় আম আদমি পার্টি (এএপি) গঠন করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। দুর্নীতি মোকাবিলার অঙ্গীকার করেই দুই বছর আগে দিল্লির বিধানসভা নির্বাচনে বিশাল জয় পেয়েছিল এএপি।
পানিসম্পদমন্ত্রী কপিল মিশ্রকে বরখাস্ত করা হয় গত বৃহস্পতিবার।
এএপির প্রধান এবং বর্তমান মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বিরুদ্ধে কপিল মিশ্র কয়েকটি দুর্নীতির অভিযোগ তুলেছেন। এর মধ্যে পাঞ্জাবে ‘রাজনৈতিক তহবিল’ সংগ্রহ অন্যতম। কপিল বলেন, ‘একটা সময় আমরা ভাবতাম কেজরিওয়াল কঠোর ব্যবস্থা নিতে পারবেন, কারণ আমরা বিশ্বাস করেছিলাম, তিনি সৎ।’ তিনি আরও বলেন, গত শুক্রবার সেই কেজরিওয়ালকে অর্থ নিতে দেখে তিনি সোচ্চার হওয়ার সিদ্ধান্ত নেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে অবশ্য এএপির প্রধান বলেছেন, এ ধরনের ঘটনা ঘটেই থাকে। আর তাঁর দল এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে। উপমুখ্যমন্ত্রী মনিষ সিসোদিয়া সাংবাদিকদের বলেন, ‘তাঁর (কপিল মিশ্র) অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে জবাব দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। কাজের মান ভালো না হওয়ায় তাঁকে বরখাস্ত করা হয়েছে। অভিযোগগুলো হাস্যকর এবং এগুলোর মধ্যে কোনো সত্যতা নেই।’
এএপির অন্তর্দ্বন্দ্বের কারণে প্রতিষ্ঠাতা সদস্য কুমার বিশ্বাস দলত্যাগ করতে বসেছিলেন—এমন সময় কেজরিওয়ালের বিরুদ্ধে অনিয়মের এই অভিযোগ উঠল। দিল্লি বিধানসভায় এএপির সদস্য আমানতউল্লাহ খান কুমার বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলার পরিপ্রেক্ষিতে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আমানতউল্লাহকে সাময়িক বহিষ্কার করে শেষ পর্যন্ত বিষয়টি রফা করা গেছে।