আলোচনা কি হোঁচট খেল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ২৫ ডিসেম্বর লাহোরে নরেন্দ্র মোদি ও নওয়াজ শরিফ। রাশিয়া সফর শেষ করে আচমকা পাকিস্তানে উড়ে যান ভারতীয় নেতা l এএফপি ফাইল ছবি
গত ২৫ ডিসেম্বর লাহোরে নরেন্দ্র মোদি ও নওয়াজ শরিফ। রাশিয়া সফর শেষ করে আচমকা পাকিস্তানে উড়ে যান ভারতীয় নেতা l এএফপি ফাইল ছবি

‘যে মুহূর্তে মোদি লাহোরের মাটিতে পা রেখেছেন, সে মুহূর্তেই (হয়তো বা তারও আগেই) এমন সর্বনাশা কিছু একটা ঘটবে বলে ঠিক হয়ে গিয়েছিল’—ভারতের পাঞ্জাবে বিমানঘাঁটিতে হামলার কয়েক ঘণ্টার মধ্যেই এমন মন্তব্য করেছেন ওয়াশিংটনভিত্তিক বুদ্ধিজীবী ও উইলসন সেন্টারে কর্মরত দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান। তাঁর বক্তব্যের মর্মার্থ হলো, যখনই ভারত এবং পাকিস্তান একটি শান্তিপূর্ণ আলোচনার জন্য পরস্পরের দিকে এগিয়ে যায়, ঠিক সে মুহূর্তেই এ ধরনের একটা অঘটন ঘটে। কোনো একটি মহল থেকে এই শান্তি-প্রক্রিয়া ভেস্তে দেওয়ার চক্রান্ত করা হয়। দুই দেশকে চিরবৈরী করে রাখার জন্য এমন মোক্ষম অস্ত্র আর নেই।

তবে মাইকেল কুগেলম্যান একটা আশাব্যঞ্জক কথাও বলেছেন। তিনি বলেছেন, ‘আলোচনার বিষয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে যে সদিচ্ছা দেখা যাচ্ছে, তাতে অন্তর্ঘাতমূলক হামলাকারীরা এবার সফল হবে বলে মনে হচ্ছে না।’

ভারতের উত্তরাঞ্চলীয় পাঞ্জাব রাজ্যের পাঠানকোটে বিমানবাহিনীর একটি ঘাঁটিতে সন্দেহভাজন জঙ্গি হামলার ঘটনায় স্থানীয় লোকজন ‘কুশপুত্তলিকা’ পুড়িয়ে গতকাল ক্ষোভ প্রকাশ করে (বাঁয়ে)। সন্ত্রাসী হামলার পর সেখানে নিরাপত্তা জোরদার করা হয় l ছবি: এএফপি ও আইএএনএস
ভারতের উত্তরাঞ্চলীয় পাঞ্জাব রাজ্যের পাঠানকোটে বিমানবাহিনীর একটি ঘাঁটিতে সন্দেহভাজন জঙ্গি হামলার ঘটনায় স্থানীয় লোকজন ‘কুশপুত্তলিকা’ পুড়িয়ে গতকাল ক্ষোভ প্রকাশ করে (বাঁয়ে)। সন্ত্রাসী হামলার পর সেখানে নিরাপত্তা জোরদার করা হয় l ছবি: এএফপি ও আইএএনএস

রাশিয়া সফর শেষ করে গত ২৫ ডিসেম্বর মস্কো থেকে কাবুল হয়ে আচমকা লাহোরে উড়ে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী হওয়ার আগমুহূর্ত পর্যন্ত মোদি পাকিস্তানের কড়া সমালোচনা করেছেন। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং পাকিস্তানের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়ায় মনমোহনের তীব্র সমালোচনা করেছিলেন তিনি। সেই মোদি লাহোরে নেমে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে কোলাকুলি করলেন। হাসিমুখে দুই নেতা বৈঠক করলেন। ওই বৈঠকেই ঠিক হয়, চলতি মাসে দুই দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তারা পাকিস্তানের ইসলামাবাদে বৈঠক করবেন।

কুগেলম্যানের শেষোক্ত বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করছেন অনেকেই। গতকালের হামলা দুই দেশের শান্তি আলোচনাকে বাধাগ্রস্ত করতে পারে বলে তাঁদের আশঙ্কা রয়েছে।

জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ তাঁর টুইটার মন্তব্যে এ হামলাকে প্রধানমন্ত্রী মোদির পাকিস্তান শান্তি উদ্যোগের পথে প্রথম চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন।

ভারতের নিরাপত্তা কর্মকর্তাদের দাবি, কাশ্মীরভিত্তিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন জয়শ-ই-মহম্মদ এ হামলা চালিয়েছে। ভারত বরাবরই অভিযোগ করে এসেছে, এই সংগঠনটিকে পাকিস্তান মদদ দিয়ে থাকে।

গতকাল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘পাকিস্তান আমাদের প্রতিবেশী এবং আমরা শান্তি চাই। কিন্তু ভারতের ওপর হামলার জবাব কঠোরভাবেই দেওয়া হবে।’ ভারতের রাজনৈতিক ধারাভাষ্যকারেরা তাঁর এ মন্তব্য বিশ্লেষণ করে বলেছেন, রাজনাথের বক্তব্যে যথেষ্ট সংযম রয়েছে। এতে ধরে নেওয়া যায়, ভারত আলোচনা থেকে সরে যাওয়ার ইচ্ছা এখন পর্যন্ত ব্যক্ত করেনি।

২০০১ সালে ভারতীয় পার্লামেন্ট ভবনে হামলায় ১১ জন এবং ২০০৮ সালে মুম্বাইয়ে হামলায় ১৬৬ জন নিহত হয়। পাকিস্তানভিত্তিক সংগঠন লস্কর-ই-তাইয়েবা এ হামলা চালায় বলে ভারত দাবি করে। মুম্বাই হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে শুরু হয় চরম উত্তেজনা। ২০১১ সালে আবার শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু সীমান্তে গোলাগুলির কারণে সে আলোচনা বেশি দূর এগোতে পারেনি।

সর্বশেষ এ হামলার ঘটনা শেষ পর্যন্ত মোদি-নওয়াজের সদিচ্ছাকে কতটা ক্ষতিগ্রস্ত করবে, তা এখনো কারও কাছেই পরিষ্কার নয়।