বাবরি মসজিদ-রাম মন্দির বিতর্ক আদালতের বাইরে পারস্পরিক আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার পরামর্শ দিলেন ভারতের সুপ্রিম কোর্ট। বিজেপির নেতা সুব্রামানিয়াম স্বামীর আবেদনের ভিত্তিতে গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি জে এস খেহর বলেন, বিতর্কটি ভাবাবেগপূর্ণ ও স্পর্শকাতর বিষয়। তাই আদালতের হস্তক্ষেপের আগে বিবদমান দুই পক্ষ নিজেদের মধ্যে আলোচনায় শান্তিপূর্ণভাবে এর মীমাংসা করুক। একান্তই মীমাংসা না হলে সর্বোচ্চ আদালত হস্তক্ষেপ করবেন।
সুব্রামানিয়াম স্বামী গতকাল প্রধান বিচারপতি খেহর, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি সঞ্জয় কিসেন কলের এজলাসে হাজির হয়ে দ্রুত এই মামলার রায় দেওয়ার অনুরোধ জানান। সেই আবেদনের ভিত্তিতে প্রধান বিচারপতি বলেন, দুই পক্ষ আদালতের বাইরে সমাধান সূত্র খুঁজুক। দুই পক্ষ চাইলে সর্বোচ্চ আদালত মধ্যস্থতাকারী নিয়োগ করতে পারেন। বিচারপতি খেহর এ কথাও বলেন, তিনিও মধ্যস্থতাকারীর ভূমিকা গ্রহণ করতে পারেন। তবে সে ক্ষেত্রে তিনি বিচারপতির দায়িত্ব পালন করতে পারবেন না। এতেও সমাধান না হলে আদালত রায় দেবেন।
তবে দুই পক্ষের মধ্যে এ পর্যন্ত শান্তিপূর্ণ আলোচনা অনেক হলেও সমাধান সূত্রের হদিস মেলেনি। দৃশ্যত এই কারণে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির এই সুপারিশ কোনো পক্ষের কাছেই সেভাবে গ্রহণযোগ্য হয়নি। বাবরি মসজিদ অ্যাকশন কমিটির আহ্বায়ক সৈয়দ জাফর ইয়াব জিলানি বলেছেন, প্রধান বিচারপতি মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হলে তাঁদের আলোচনায় আসতে আপত্তি নেই। তবে এত দিন ধরে কোনো আলোচনাই ফলপ্রসূ হয়নি। সংগঠনের যুগ্ম আহ্বায়ক সৈয়দ কাসিম ইলিয়াসও বলেন, আলোচনা অনেক হয়েছে। কোনো লাভ হয়নি। নতুন করে আলোচনাতেও লাভ হবে না। অন্যদিকে বিশ্ব হিন্দু পরিষদও তাদের মনোভাবে অটল। তাদের নেতা ঈশ্বরী প্রসাদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আলোচনায় বসতে আপত্তি নেই। তবে বিরোধপূর্ণ স্থানেই মন্দির করতে দিতে হবে। ঈশ্বরী প্রসাদ জানান, তাঁরা এ নিয়ে নতুন করে আন্দোলন শুরু করবেন।
ক্ষমতাসীন বিজেপি ও তাদের মিত্র রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ আদালতের মনোভাবকে সমর্থন করেছে। বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র গতকাল বলেন, ‘প্রধান বিচারপতির সুপারিশ স্বাগত। বিজেপি বরাবরই আলোচনার মাধ্যমে বিতর্কের অবসান চেয়ে এসেছে।’ সংঘের পক্ষে দত্তাত্রেয় হোসাবলে বলেন, ধর্ম সংসদ ও বিবদমান সব পক্ষ এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে বিজেপির কট্টরপন্থী নেতা বিনয় কাটিয়ার বলেন, ‘কেন্দ্র ও রাজ্যে আমাদের সরকার রয়েছে। মন্দির প্রতিষ্ঠার পরে আমরা সমাধান খুঁজব।’
বাবরি মসজিদ-রাম জন্মভূমি বিতর্ক আজকের নয়। রামের জন্মভূমি হিসেবে পরিচিত উত্তর প্রদেশের অযোধ্যার আলোচ্য স্থানটিতে মোগল সম্রাট বাবরের আমলে নির্মিত হয় মসজিদ। বাবরি মসজিদ নাম সে কারণেই। মন্দিরের পক্ষের দাবি, রামের জন্মগ্রহণের স্থানে নির্মিত মন্দির ভেঙে দিয়ে ষষ্ঠদশ শতকে মোগলদের সময় সেখানে তোলা হয় মসজিদ। অন্যদিকে এর বিরোধী পক্ষের ভাষ্য, ওই দাবি ওঠানো হয়েছে মাত্রই অষ্টাদশ শতকে। আর ওই স্থানটিই যে হিন্দু অবতার রামের জন্মভূমি, তারও নিশ্চিত প্রমাণ নেই।
কয়েক শ বছরের পুরোনো মসজিদ কাঠামোর মধ্যে ১৯৪৯ সালে আচমকাই ‘রামলালা’র আবির্ভাব ঘটে। পূজা ও নামাজ চলতে থাকে সমান্তরালভাবে। এ নিয়ে কয়েকবার দাঙ্গা হওয়ায় জেলা প্রশাসন বাধ্য হয়ে বিরোধপূর্ণ কাঠামোয় তালা দেওয়ার নির্দেশ দেয়। ১৯৮৬ সালে তালা খোলার নির্দেশ দেওয়ার পর থেকেই হিন্দু ও মুসলমান দুই পক্ষ নতুন করে যার যার দাবি জানাতে থাকে। এরপর ক্রমেই আন্দোলন তীব্র হয়ে ওঠে। ১৯৮৯ সালে বিরোধপূর্ণ স্থানের বাইরে প্রস্তাবিত রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ১৯৯২ সালে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের হাজারো কর্মীর হামলায় গুঁড়িয়ে যায় মসজিদ। জমির মালিকানার দাবিতে জমতে থাকে একের পর এক মামলা। এসবের মীমাংসা এখনো হয়নি। ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট রায়ে বলেন, বিরোধপূর্ণ কাঠামোর মূল গম্বুজের নিচের অংশেই রামচন্দ্রের জন্ম হয়েছিল। ফলে সেখানে পূজার অধিকার হিন্দুদের রয়েছে। সুপ্রিম কোর্ট এই রায়ে স্থগিতাদেশ দেন। সেই থেকে অমীমাংসিত রয়েছে এই বিতর্ক।