ভারত–পাকিস্তানের দুই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নয়াদিল্লিতে তাঁদের পূর্বপরিকল্পিত বৈঠকে বসতে ব্যর্থ হলেন। তাঁদের এ অক্ষমতা নিয়ে শোকতাপ করার তেমন ভালো কোনো কারণ নেই। আসলে ওই বৈঠকের জন্য নির্ধারিত আলোচ্যসূচি ও আলোচক মেলানোর ক্ষেত্রেই একটা গলদ ছিল।
বৈঠকের আলোচ্যসূচিই যদি হয়ে থাকে সন্ত্রাসবাদ, তাহলে সঠিক আলোচক হওয়ার কথা ছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধান ও ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধান। সন্ত্রাসবাদের মতো সমস্যাগুলো সামলানোর প্রশ্ন উঠলে, তাঁরাই সবচেয়ে উপযুক্ত আলোচক। দুজনই একে অপরের তৎপরতা সম্পর্কে খুব ভালো করেই জানেন।
সাবেক ‘র’ প্রধান অমরজিৎ সিং দুলাত কাশ্মীর: দ্য বাজপেয়ি ইয়ারস নামে একটি বই লিখেছেন। সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির ঘটনাবহুল শাসনামলে তিনি ‘র’-এর প্রধান হন। তাঁর সম্প্রতি প্রকাশিত ওই বইয়ে বিশেষ করে ভারতের কাশ্মীর ও পাকিস্তান নীতি এবং এসব নীতি ‘র’ কীভাবে সামলায়, তার অমূল্য কিছু বর্ণনা উঠে এসেছে।
অমরজিৎ লিখেছেন, ‘অন্য (গোয়েন্দা) প্রধানদের সঙ্গে সাক্ষাতের বিষয়টি চাকরিরই একটা অংশ। একজনকে অন্য গোয়েন্দা বাহিনীগুলোর সঙ্গে লিয়াজোঁ বজায় রাখতে হয়। যে বিষয়টি আমার মাথায়ই আসে না, সেটা হলো আইএসআই প্রধানের সঙ্গে কখনোই লিয়াজোঁ না করা। সিআইএ ও কেজিবি কখনোই একে অপরের সঙ্গে যোগাযোগ বন্ধ করে না। এমনকি স্নায়ুযুদ্ধের কঠিন সময়গুলোতেও তা অব্যাহত ছিল।...আর আমরা পান থেকে চুন খসলেই পাকিস্তানিদের সঙ্গে কথা বলা বন্ধ করে দেই।’
আসলেই, ঠুনকো কারণেই আলোচনা কেন বন্ধ হয়ে যাচ্ছে? ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সারতাজ আজিজের মধ্যে গত সোমবারের নির্ধারিত বৈঠক বাতিলের ব্যাপারে উভয় পক্ষই কিছু বিভ্রান্তিকর অজুহাত দাঁড় করিয়েছে। এক পক্ষ ইঙ্গিত দিয়েছে, তারা নয়াদিল্লিতে দুই উপদেষ্টার আনুষ্ঠানিক বৈঠকের আগে বা পরে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী হুররিয়াত নেতাদের সঙ্গে বৈঠক করবে। অন্য পক্ষের জবাব, ভারত-পাকিস্তান সংলাপে তৃতীয় পক্ষের কোনো জায়গা নেই। ব্যস, সংলাপ বাতিল।
২০০১ সালে ভারতের আগ্রায় অনুষ্ঠিত দুদিনের সম্মেলনে উভয় পক্ষ কাশ্মীর সমস্যা সমাধানের কাছাকাছিই পৌঁছে গিয়েছিল। পরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফের মধ্যেও ফলপ্রসূ বৈঠক হয়। এসব সংলাপের সময় কেউই হুররিয়াত নেতাদের ডাকেনি। কিন্তু এখন হুররিয়াত নেতাদের ডেকে পাকিস্তানের কী লাভ হলো? অন্যদিকে ‘তৃতীয় পক্ষের কোনো জায়গা নেই’—ভারতের এমন বক্তব্যও ছিল অযৌক্তিক।
অগ্রগতি চাইলে উভয় পক্ষই অধিকতর আন্তরিক হতে পারত; কিন্তু তারা সে পথে হাঁটেনি। অতীতে তারা রাজনৈতিক নেতাদের সমর্থন নিয়ে পর্দার আড়ালে আলোচনা সেরেছে। বস্তুত কাশ্মীর সমস্যার যেসব সমাধান নিয়ে এখন প্রকাশ্যে আলোচনা হচ্ছে, সেগুলো নিবিড় ধৈর্য ও অবিরাম কূটনৈতিক প্রচেষ্টার ফসল।
পাকিস্তান যদি সত্যিই কাশ্মীর বা অন্য গুরুত্বপূর্ণ বিরোধগুলো (নিরাপত্তা ইস্যুগুলো বাদে) নিয়ে আলোচনা করতে চায়, তাহলে তার উপযুক্ত মাধ্যম হচ্ছে কূটনৈতিক চ্যানেল। সেখানে উপযুক্ত আলোচক হতে পারেন সারতাজ আজিজ, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বা তাঁদের পররাষ্ট্রসচিবেরা। সে ক্ষেত্রে সোমবারের পরিত্যক্ত আলোচনায় স্পষ্টতই ভারতের অজিত দোভাল ছিলেন বেমানান।