আসানসোল-রানীগঞ্জে শান্তি ফেরানোর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাম নবমীর মিছিল ঘিরে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল এবং রানীগঞ্জে দুই গোষ্ঠীর সংঘর্ষ এবং তিনজনের মৃত্যুর ঘটনার পর সেখানে শান্তি ফেরাতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে আজ বুধবার বিকেলে কলকাতার বিদ্বজ্জনদের একটি সভা অনুষ্ঠিত হয়েছে কলকাতা প্রেসক্লাবে।

এই সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন ইতিহাসবিদ হোসেনুর রহমান, চিত্রকর শুভাপ্রসন্ন, কবি সুবোধ সরকার, প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন প্রমুখ। কবীর সুমন তাঁর বক্তব্যের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে গানও গেয়ে শোনান।

সভার মূল স্লোগান ছিল, ‘এসো সম্প্রীতি, যাও বিভাজন’। সভায় বক্তারা বলেন, রবীন্দ্র-নজরুলের রাজ্যের আসানসোল আর রানীগঞ্জের ঘটনা অনভিপ্রেত। মানুষ আসানসোলের ঘটনায় কষ্ট পেয়েছে। কারণ, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতির একটি আদর্শ পীঠস্থান। তাই আমাদের সম্প্রীতির পক্ষে এবং বিভাজনের বিরুদ্ধে এক হতে হবে। আজকের আসানসোল ও রানীগঞ্জের সংকট যে কেবল ওই এলাকায় সীমাবদ্ধ তা নয়। এ সংকট সারা দেশের, ভারতবর্ষের। পুত্রশোকে মুহ্যমান বাবা মাথা তুলে বললেন, না কোনো প্রতিহিংসা নয়, শান্তির বাতাবরণে আসানসোল আর রানীগঞ্জকে বাঁধতে হবে। তাই আজ আমাদের শোক ও সংকল্পের মাধ্যমে শুরু করতে হবে তিমির নাশের যাত্রা।