আসানসোলে সংঘর্ষের প্রতিবাদ, কলকাতার পথে হাঁটবেন বুদ্ধিজীবীরা

রামনবমীর উৎসব ঘিরে পশ্চিমবঙ্গের আসানসোল শহরে ছড়িয়ে পড়া গোষ্ঠী সংঘর্ষের তীব্র প্রতিবাদ করেছেন কলকাতার বুদ্ধিজীবী ও বিদ্বজ্জনেরা। গতকাল সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
পশ্চিমবঙ্গের রাজ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে বলা হয়েছে, আসানসোলসহ রামনবমীতে রাজ্যের বিভিন্ন স্থানে সংঘর্ষে মারা গেছেন মোট ছয়জন। এর মধ্যে আসানসোলে তিনজন। বর্ধমানের রানীগঞ্জে একজন, উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় একজন এবং পুরুলিয়ায় একজনের মৃত্যু হয়। এ নিয়ে সব মিলিয়ে ১৫টি মামলা হয়েছে। গ্রেপ্তার হয়েছে ৮৮ জন। সংঘর্ষে আহত হয়েছে ১২৫ জন।
কলকাতায় এক সংবাদ সম্মেলনে বলা হয়, আসানসোলে শান্তি ফিরিয়ে এনে সেখানে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার দাবিতে আগামী রোববার বিকেলে কলকাতার বিদ্বজ্জনেরা একটি সম্প্রীতির মিছিল বের করবেন। সেই মিছিলে হাঁটবেন বিশিষ্টজনেরা।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক পবিত্র সরকার, নাট্যব্যক্তিত্ব চন্দন সরকার, কবি মন্দাক্রান্তা সেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সাংবাদ সম্মেলনে আরও বলা হয়, এই সম্প্রীতির মিছিলটি হবে অরাজনৈতিকভাবে। তবে যে কেউ দলীয় পোস্টার, ব্যানার, পতাকা ছাড়া মিছিলে অংশ নিতে পারবেন। বেলা তিনটায় এই মিছিল শুরু হবে ধর্মতলা থেকে, শেষ হবে রবীন্দ্রসদন চত্বরে। তবে এই মিছিলের পুরোভাগে থাকবে না কোনো রাজনৈতিক ব্যক্তিত্বরা।
গতকাল বিদ্বজ্জনদের দেওয়া একটি বিবৃতি পড়ে শোনানো হয় ওই সংবাদ সম্মেলনে। তাতে বলা হয়, ‘এসব ঘটনা পশ্চিমবঙ্গের সমন্বয়মূলক সংস্কৃতিকে এবং রাজ্যের মর্যাদাকে গভীরভাবে আঘাত করেছে।’ সাংবাদ সম্মেলনে সমাজের বিভিন্ন অংশের মানুষকে এই সম্প্রীতির মিছিলে যোগদানেরও আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, এই সম্প্রীতির মিছিল হবে অশান্তির বিরুদ্ধে এক বলিষ্ঠ প্রতিবাদ। কবিতা, গান, পথনাটিকার মাধ্যমে অশান্তির বিরুদ্ধে প্রতিবাদ ব্যক্ত করা হবে।
জানা গেছে, এই সম্প্রীতির মিছিল উদ্বোধন করতে পারেন কবি শঙ্খ ঘোষ। মিছিলে হাঁটবেন সাহিত্যিক নবনীতা দেবসেন, সমরেশ মজুমদার, আবুল বাশার, চিত্রপরিচালক তরুণ মজুমদার, নাট্যব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, মেঘনাদ ভট্টাচার্য, উষা গঙ্গোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, সাবেক বিচারপতি অশোক বন্দ্যোপাধ্যায়সহ কলকাতার শিল্পী, সাহিত্যিক, চিত্রকর, বিদ্বজ্জনেরা। এই সম্প্রীতির মিছিলকে সমর্থন জানিয়েছেন প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব সৌমিত্র চট্টোপাধ্যায়, নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী, গায়ক পল্লব কীর্তনিয়া, অভিনেতা কৌশিক সেন, অশোকনাথ বসু, সাহিত্যক মীরাতুন নাহার প্রমুখ।