আসামে বিজেপির নেতৃত্বে সরকার
ভারতের আসামে বিজেপির নেতৃত্বেই সরকার গঠিত হতে যাচ্ছে।
রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলের আভাস অনুযায়ী, সেখানে টানা ১৫ বছরের কংগ্রেসি শাসনের অবসান ঘটতে যাচ্ছে।
বিজেপির আসাম জয়কে তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ, তারা এই প্রথম ভারতের উত্তর-পূর্বাঞ্চলে পা ফেলতে যাচ্ছে।
অন্য চার রাজ্যের (পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, পদুচেরি) পাশাপাশি আজ বৃহস্পতিবার আসাম বিধানসভার ভোটের ফলাফল গণনা করা হচ্ছে। আজই এই ফল ঘোষণা করা হবে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, আসামে ১২৬টির মধ্যে ৮৯টি আসনে বিজেপি জোট এগিয়ে।
কংগ্রেস এগিয়ে ২১টিতে। এইউডিএফ ১৪টিতে এবং বাকিরা দুটিতে এগিয়ে রয়েছে।
আসামে বিজেপি যে ক্ষমতায় আসছে, বুথ ফেরত জরিপেও তার আভাস দেওয়া হয়েছিল।
ফলাফল গণনা পর্যায়ে দেখা যাচ্ছে, নিজে এগিয়ে থাকলেও দলের ভরাডুবি রুখতে ব্যর্থ হয়েছেন আসামের টানা ১৫ বছরের কংগ্রেসি মুখ্যমন্ত্রী তরুণ গগৈ।
আরও এগিয়ে আছেন আসামের সাবেক মুখ্যমন্ত্রী তথা বিজেপি জোটসঙ্গী অগপ প্রার্থী প্রফুল্ল কুমার মহন্ত, বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, বিজেপি নেতা হীমন্ত বিশ্ব শর্মা, কংগ্রেসের হেভিওয়েট নেতা সন্তোষ মোহন দেবের স্ত্রী বীথিকা দেব প্রমুখ।
আসামে বিজেপির সম্ভাব্য ক্ষমতায়ন বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব ফেলতে পারে। বিজেপি ও তার শরিক অসম গণপরিষদের কাছে অনুপ্রবেশ একটি স্পর্শকাতর বিষয়। নির্বাচনী প্রচারের সময় অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর বিষয়টি এই দুই দল বড় করে তুলে ধরেছে। নির্বাচনী সেই প্রতিশ্রুতি পালন করতে গেলে এই রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলোতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।