আসাম থেকে জোর করে তাড়ানো হচ্ছে বাঙালিদের: মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের আসামে জাতীয় নাগরিক নিবন্ধনের (এনআরসি) তালিকায় ৪০ লাখ মানুষের নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি বলেন, আসাম থেকে জোর করে তাড়ানো হচ্ছে বাঙালিদের। সেখানে চলছে বাঙালি-বিহারি খেদাও অভিযান।
আসামের জাতীয় নাগরিক নিবন্ধনের (এনআরসি) তালিকা আজ সোমবার প্রকাশিত হয়েছে। তালিকায় নিজেদের নাম তুলতে আসামে বসবাসকারী ৩ কোটি ২৯ লাখ মানুষ আবেদন করেছিলেন। কিন্তু ঠাঁই হয়েছে ২ কোটি ৮৯ লাখ মানুষের। অর্থাৎ আসামে বসবাসকারী ৪০ থেকে ৪১ লাখ মানুষ ‘ভারতীয়’ হিসেবে ওই তালিকায় নাম তুলতে পারেননি।
সোমবার পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘আসাম থেকে জোর করে তাড়ানো হচ্ছে বাঙালিদের। এটা কোনোক্রমে মানা হবে না। আমি লড়ে যাব এই সিদ্ধান্তের বিরুদ্ধে। যত দূর যেতে হয় আমি যাব। আজ আসামে ৫০ থেকে ১০০ বছর পর্যন্ত যেসব পরিবার বাস করছেন, তাঁদের নামও বাদ পড়েছে। এটা কীভাবে মানা যায়? বাঙালি বলে কি তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে? অথচ এসব নাগরিক প্রয়োজনীয় ডকুমেন্ট ও তথ্য দেওয়া সত্ত্বেও তাঁদের নাম তোলা হয়নি; বাদ দেওয়া হয়েছে।’
এনআরসি প্রকাশ উপলক্ষে আসামজুড়ে কড়া সতর্কতা জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। সংবাদ সম্মেলনে অনেকের আধার কার্ড এবং পাসপোর্ট দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এঁদেরও নাম ওঠেনি জাতীয় নাগরিক পঞ্জিতে। ফলে এবার বাদ পড়েছে ৪০ লাখ মানুষের নাম।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘আসামে এখন বাঙালি খেদাও চলছে। চলছে বাঙালি হিন্দু-মুসলমান খেদানো। বিহারিদেরও খেদানো হচ্ছে। ভোটের রাজনীতি করতে গিয়ে আসাম সরকার নাগরিকদের নিয়ে যেভাবে খেলছেন, এর পরিণাম ভালো নয়। আমরা এর বিরুদ্ধে লড়ে যাব। এই নাগরিক পঞ্জির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের করা মামলায় সেদিন চুপ ছিল কেন্দ্রীয় সরকার। একটি কথাও বলেনি আসাম সরকারের বিরুদ্ধে।’
জাতীয় নাগরিক নিবন্ধনের (এনআরসি) তালিকায় যে ৪০ লাখ মানুষের নাম ওঠেনি, তাঁদের মধ্যে সব ধর্মেরই বাঙালি রয়েছে বলে জানান মমতা। তিনি বলেন, ‘আসাম থেকে এঁদের তাড়ানো হলে বাংলার ওপর সবচেয়ে বেশি চাপ পড়বে। আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে মিডিয়ার মাধ্যমে আবেদন জানাচ্ছি, এঁদের বাঁচান, এঁদের বিচ্ছিন্ন করবেন না। আজ নিজ দেশেই এই ৪০ লাখ মানুষ উদ্বাস্তু হয়ে গেল।’
এই ৪০ লাখ মানুষের ভবিষ্যৎ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘এই ৪০ লাখ মানুষ কোথায় যাবে? কে গ্রহণ করবে? বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হলে বাংলাদেশ কি তাদের গ্রহণ করবে? এঁরা কোথায় যাবে? এঁরা কি ভাসমান জনগোষ্ঠীতে পরিণত হবে?’
এনআরসি কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার প্রকাশিত তালিকা শুধু খসড়া। এটি চূড়ান্ত কিছু নয়। যাঁরা তালিকায় ঠাঁই পাননি, তাঁরা আবেদন করতে বা আপত্তি জানাতে পারবেন। তালিকায় নামের ব্যাপারে দাবি ও আপত্তির কার্যক্রম আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে এবং ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।