আসাম বিজেপি নেতার ছেলে অপহৃত, মুক্তিপণ দাবি উলফার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের আসাম রাজ্যে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা রত্নেশ্বর মোরানের ছেলে কুলদীপকে অপহরণ করে এক কোটি রুপি মুক্তিপণ দাবি করেছে নিষিদ্ধ সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম (উলফা)। এক ভিডিও বার্তায় সংগঠনটি এ মুক্তিপণ দাবি করে।
পুলিশ বলেছে, ১ আগস্ট অরুণাচল থেকে কুলদীপকে অপহরণ করা হয়। ভিডিওতে দেখা যায়, সবুজ টি-শার্ট পরা কুলদীপ হাঁটুর ওপর ভর দিয়ে বসে কথা বলছেন। তাঁর পাশে ও পেছনে মুখোশপরা পাঁচ অস্ত্রধারী দাঁড়িয়ে। ভিডিওতে কুলদীপ বলেন, ‘আমি খুব দুর্বল হয়ে পড়েছি এবং আমার স্বাস্থ্যও ভাঙতে শুরু করেছে।’ মা-বাবা ও রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সেনোওয়ালের কাছে এ সময় তিনি নিজের মুক্তির জন্য আকুতি জানান।
এর আগেও উলফা অপহরণের ঘটনা ঘটালেও এবারই প্রথম ভিডিও বার্তা ছাড়ল।