আসামিদের বাঁচাতে বিজেপি নেতার বাড়িতে বৈঠক
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের হাথরসে নিম্নবর্ণের এক তরুণীকে গণধর্ষণের ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। এর মধ্যে ওই ঘটনায় করা মামলার আসামিদের ‘বাঁচাতে’ আজ রোববার সকালে স্থানীয় বিজেপির এক নেতার বাড়িতে বৈঠক করেছেন উচ্চবর্ণের পাঁচ শতাধিক মানুষ। তাঁদের মধ্যে এক আসামির পরিবারের সদস্যরাও ছিলেন। তাঁদের দাবি, অভিযুক্তদের ফাঁসানো হচ্ছে। এই ঘটনায় তাঁরা ন্যায়বিচার চান। এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
আলোচিত ওই ধর্ষণকাণ্ডের ঘটনা প্রথম থেকেই পুলিশ দিয়ে সামলানোর চেষ্টা করে রাজ্যের যোগী আদিত্যনাথের সরকার। এতে ব্যাপক সমালোচনার মুখে ঘটনার তদন্তের দায়িত্ব সিবিআইকে দেওয়ার সুপারিশ করেন আদিত্যনাথ।
হাথরসের বুল গড়হি গ্রামে গত ১৪ সেপ্টেম্বর রাতে ওই দলিত তরুণী গণধর্ষণের শিকার হন। ধর্ষকেরা তাঁর জিব কেটে নেয়। চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার দিল্লির হাসপাতালে ২০ বছর বয়সী ওই তরুণী মারা যান। পরের দিন হাথরসে নিয়ে গিয়ে লাশটি রাতের আঁধারে তড়িঘড়ি করে দাহ করা হয়। ওই নারীর পরিবারের সদস্যদের অভিযোগ, যখন শেষকৃত্য চলছিল, তখন পুলিশ তাঁদের বাড়িতে আটকে রাখে। যদিও পুলিশ এসব অভিযোগ অস্বীকার করেছে। এই ধর্ষণকাণ্ডের ঘটনায় গত শনিবার হাথরস জেলার পুলিশ সুপারসহ পুলিশের পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।
ভারতের ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির প্রতিবেদনে ওই তরুণীকে ধর্ষণের আলামত পাওয়া যায়নি—এমন তথ্য প্রকাশের পর আসামিদের পক্ষ জনমত গঠনের জন্য উঠেপড়ে লাগেন হাথরসের উচ্চবর্ণের লোকজন। কারণ, আসামিরা সবাই উচ্চবর্ণের।
আজ রোববার সকালে বিজেপি নেতা রণবীর সিং পেহেলওয়ানের বাড়ি বৈঠক করেন পাঁচ শতাধিক মানুষ। তাঁরা দাবি করেন, চারজনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তাঁরা যেন ন্যায়বিচার পান। ওই বৈঠকের আয়োজকদের একজন বলেন, ‘এই বৈঠকের বিষয়ে আমরা পুলিশকে জানিয়েছিলাম। আসামিদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনায় ভুক্তভোগী তরুণীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা উচিত।’
ওই বৈঠকের বিষয়ে হাথরসের যুগ্ম ম্যাজিস্ট্রেট প্রেম প্রকাশ মীনা এনডিটিভিকে বলেন, বিজেপি নেতার বাড়িতে বৈঠকের বিষয়ে তিনি অবগত নয়। ভুক্তভোগী পরিবারের ওপর কোনো চাপ নেই। রাজনৈতিক দলের নেতারা পাঁচজন করে ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারবেন।
ধর্ষণের শিকার ওই তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে কেউ যাতে দেখা করতে না পারে, সেই জন্য আশপাশের এলাকা পুলিশ দিয়ে মুড়িয়ে ফেলা হয়। সাধারণ মানুষ তো বটেই, সংবাদমাধ্যমের কর্মীদেরও সেখানে যেতে বাধা দেওয়া হয়। গত বৃহস্পতিবার কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী হাথরসে ধর্ষণের শিকার ওই দলিত তরুণীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে বাধা পান। গণজমায়েতের নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে তাঁদের আটক করার কয়েক ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়। অবশ্য শনিবার সন্ধ্যায় হাথরস পৌঁছে রাহুল ও প্রিয়াঙ্কা ধর্ষণের শিকার দলিত তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে এক ঘণ্টা কথা বলেন এবং তাঁদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।