আসামে আজ বিজেপি মন্ত্রিসভার শপথ
উত্তর-পূর্ব ভারতের কোনো রাজ্যে প্রথমবারের মতো ভোটে জিতে সরকার গড়তে চলেছে কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। গুয়াহাটির খানা পাড়ায় আজ মঙ্গলবার প্রকাশ্য অনুষ্ঠানে শপথ নেবেন আসামের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা। এই মন্ত্রিসভায় বিজেপির রাজনীতিকেরা ছাড়াও থাকছেন দলটির নেতৃত্বাধীন মিত্র জোটের সদস্যরাও।
নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
মুখ্যমন্ত্রী হিসেবে সর্বানন্দ ছাড়াও মন্ত্রিসভার নয়জন সদস্য অনুষ্ঠানে শপথ নেবেন। বিজেপি সূত্রের ভাষ্যমতে, দলের মোট ছয়জন থাকছেন এই মন্ত্রিসভায়। শরিক দল অগপ ও বিপিএফের থাকছেন দুজন করে সদস্য। তবে পরবর্তী সময়ে মন্ত্রিসভা সম্প্রসারিত হবে।
বিজেপি নেতা হীমন্ত বিশ্বশর্মা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ পরিচালিত প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে শপথ অনুষ্ঠানে। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিজেপির সভাপতি অমিত শাহ।