আসামে গণতান্ত্রিক কর্মসূচিতেও নিষেধাজ্ঞা সরকারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনআরসি ইস্যুতে পশ্চিমবঙ্গের প্রতিনিধিদের সফর উপলক্ষে আসামের শিলচরে জারি হয়েছে ১৪৪ ধারা। ছবি: সংগৃহীত
এনআরসি ইস্যুতে পশ্চিমবঙ্গের প্রতিনিধিদের সফর উপলক্ষে আসামের শিলচরে জারি হয়েছে ১৪৪ ধারা। ছবি: সংগৃহীত

আসামে গণতান্ত্রিক কর্মসূচিতেও নিষেধাজ্ঞা জারি করল সরকার। আজ বৃহস্পতিবার বরাক উপত্যকার শিলচরের রাজীব ভবনে আসাম সফররত পশ্চিমবঙ্গের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে নাগরিক সুরক্ষা মঞ্চ। এই অনুষ্ঠানকে বানচাল করতে কাছাড়া জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে কংগ্রেস বিধায়ক কমলাক্ষ ভট্টাচার্য অভিযোগ করেছেন।

আসামের নাগরিক নিবন্ধনের (এনআরসি) পরিপ্রেক্ষিতে বিপন্ন আসামের ৪০ লাখ বাঙালির পাশে দাঁড়াতে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধিদল আজ আসামের শিলচরে আসছে। অরাজনৈতিক সংগঠন নাগরিক সুরক্ষা মঞ্চ তাদের সঙ্গে স্থানীয়দের মতবিনিময় সভার আয়োজন করে।

গতকাল বুধবার রাতে বরাকের কংগ্রেস বিধায়ক কমলাক্ষ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কাছাড়ের জেলা প্রশাসক আমাকে ফোন করে ১৪৪ ধারা জারির কথা বলে মতবিনিময় সভায় না যেতে অনুরোধ করেন। হলের ভেতরে বৈঠক। তাই ১৪৪ ধারা প্রযোজ্য নয়। বৈঠকে আমি আমন্ত্রিত। তাই যাব।’

একই সঙ্গে কমলাক্ষের অভিযোগ, আসামে বাঙালির অস্তিত্ব বিপন্ন। তাই প্রতিবাদী যেকোনো কর্মসূচিতেই বাঙালিদের এগিয়ে আসতে হবে। রাজনীতির ঊর্ধ্বে উঠে তাই তিনি তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে মঞ্চ ভাগ করায় কোনো ভুল কিছু দেখছেন না বলে দাবি করেন।

আসাম রাজ্য নাগরিক অধিকার সুরক্ষা সমন্বয় সমিতির চেয়ারম্যান তপোধীর ভট্টাচার্য মুঠোফোনে প্রথম আলোকে জানান, মানুষ বৈঠকে যোগ দেবেই। শাসক দলের চোখরাঙানির প্রতিবাদে বাঙালিরা গর্জে উঠছেন বলেও দাবি করেন তিনি।

এনআরসি নিয়ে মুখ খোলায় বিজেপির যুব মোর্চার পর এবার সারা আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করেছে। সংগঠনের সাধারণ সম্পাদক সুদীপ্ত হাজারিকা গতকাল সদর লখিমপুর কোতোয়ালি থানায় এই মামলা করেন।

আসামের পর এবার ত্রিপুরাতেও এনআরসির দাবি উঠতে শুরু করেছে। সাবেক জঙ্গি নেতা বিজয় রাঙ্খলের নেতৃত্বাধীন আইএনপিটি বাংলাদেশি শনাক্তকরণের জন্য এই দাবি তোলেন।

আইএনপিটিই সাবেক বিধায়ক অনিমেষ দেববর্মা এদিন মুঠোফোনে প্রথম আলোর কাছে ভারতের স্বাধীনতাযুদ্ধে বাঙালিদের অবদানের কথা স্মরণ করে আসামের ঘটনার তীব্র নিন্দা করেন। তাঁর মতে, বাঙালিরা বিদেশি হলে সব ভারতীয়ই বিদেশি।

আসামের ঘটনায় সিপিএমের পক্ষ থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য বাদল চৌধুরী গতকাল এক সংবাদ সম্মেলনে আসামে সাম্প্রদায়িক অশান্তির সৃষ্টির চক্রান্তেরও অভিযোগ করেন।

ত্রিপুরায় এনআরসির কোনো প্রয়োজন নেই বলে দাবি করেছে বিজেপির জোট শরিক আইপিএফটির সভাপতি এন সি দেববর্মা। তিনি বলেন, ইন্দিরা-মুজিব চুক্তিকে সম্মান দিয়েই ত্রিপুরায় সবাই বসবাস করছেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দাবি করেছেন, এনআরসি ত্রিপুরার কোনো সমস্যা নয়। ত্রিপুরায় বসবাসকারী সবাই ভারতীয়। দাবি বিপ্লবের।