আসামে জিতল বিজেপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিহার থেকে শিক্ষা নিয়েও জোট রাজনীতির বাস্তবতা বুঝতে না পেরে আসামে ভরাডুবি হলো রাজ্যে ১৫ বছর ধরে ক্ষমতাসীন কংগ্রেসের। আর জোটের ‘পাটিগণিতে’ ভর করে উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে বড় এ রাজ্যে ক্ষমতায় এল বিজেপি।
১২৬ সদস্যের আসাম বিধানসভা জয় বিজেপির কাছে ছিল বিরাট চ্যালেঞ্জ। গতকাল বৃহস্পতিবার ঘোষিত ফলাফলে মোট আসনের ৮৬টি জিতে নিল বিজেপির নেতৃত্বাধীন জোট। তিন মেয়াদে ক্ষমতায় থাকা কংগ্রেস ২৫টি আসন নিয়ে ছিটকে পড়ল।
কোনো একগুঁয়েমি মনোভাব নিয়ে নয়, বাস্তব পরিস্থিতি বিচার করে দুই আঞ্চলিক দল অসম গণপরিষদ (অগপ) ও বোরোল্যান্ড পিপলস ফ্রন্টের (বিপিএফ) সঙ্গে জোট করে বিজেপি। সেই সঙ্গে চলে স্থানীয় ইস্যু ধরে ধরে ব্যাপক প্রচার। দিল্লি ও বিহারে ব্যর্থ হওয়ার পর নিজের ইমেজ ফেরাতে নরেন্দ্র মোদি বাজি রাখেন আসামকেই। ১৫ দিনে ১৪টি নির্বাচনী সভা করে ঝড় তোলেন তিনি। সেই সঙ্গে অসমিয়াদের আবেগকে টেনে আনেন নিজের দিকে। খিলঞ্জিয়া বা ভূমিপুত্রকে ইস্যু করে আসামের আদি বাসিন্দাদের কাছে টেনে নেয় বিজেপি। অগপ সেই কাজে দারুণ সহায়তা দেয়। সেই সঙ্গে বোরোদের কাছে পেতে দারুণ কাজে লাগে বিপিএফের সঙ্গে জোটও। বিপিএফ তাদের ১২টি আসনই ধরে রাখে। আর অগপ গতবারের ৪টি আসন থেকে লাফিয়ে পৌঁছে যায় ১৪ তে। শুধু নিজেদের আসনই বাড়ায়নি, অগপর উত্থান থেকে স্পষ্ট মুসলিমদের একটা বড় অংশের ভোটও এসেছে বিজেপি শিবিরে। ঠিক যেমন কংগ্রেসের চা-বাগানের ভোট ব্যাংক হাইজ্যাক হয়ে যায়।
বিজেপির জয়ে আসামের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। শপথ নেবেন ২৬ অথবা ২৭ মে।