আসামে পুলিশের গুলিতে আহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রজাতন্ত্র দিবসের আগেই রক্তাক্ত আসামের ডিমা হাসো জেলার মৈবাং। পুলিশ ও বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধে গুলিবিদ্ধ হয়েছে ৯ জন। এলাকায় জারি করা হয়েছে সান্ধ্য আইন।

সরকারি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আসামে পুলিশের গুলিতে জখম নয়জনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে ডিমা হাসো জেলার মৈবাং রেল স্টেশনে। ডিমা হাসো জেলাকেও বৃহত্তর নাগাল্যান্ডের অন্তর্গত করা হবে, এই গুজবের পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার ১২ ঘণ্টার হরতালের ডাক দিয়েছিল বিভিন্ন গণসংগঠন। বনধের পরিপ্রেক্ষিতে বিক্ষোভকারীরা গুয়াহাটিগামী শিলচর-গুয়াহাটি প্যাসেঞ্জার অবরোধ করে। প্রায় হাজার তিনেক যাত্রী আটকে পড়েন মৈবাং স্টেশনে।

আসাম পুলিশের ডিজি মুকেশ সহায় সাংবাদিকদের জানিয়েছেন, বিক্ষোভকারীরা ট্রেনটিতে ভাঙচুর চালায়। পুলিশকেও আক্রমণ করে। পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী জখম হন বলেও সহায়ের দাবি। পাশাপাশি তিনি জানান, যাত্রীরা নিরাপদে আছেন। তাঁদের স্থানীয় একটি স্কুলে রাখা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে জারি করা হয়েছে কারফিউ। রেল চলাচল আপাতত বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা।