আসামে প্রাকৃতিক দুর্যোগে বাতিল সুষমার সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টিতে নাকাল হলেন বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জের মানুষ। বিজেপি প্রার্থীর সমর্থনে এদিন করিমগঞ্জে জনসভা করার কথা ছিল ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের। সীমান্তবর্তী এই শহরে বিদেশমন্ত্রীর আগমন ঘিরে ছিল বাড়তি প্রস্তুতি। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে বাতিল হয় সুষমার সভা।
আসামের বাঙালি অধ্যুষিত বরাক উপত্যকায় ভোটের অন্যতম ইস্যু হয়ে উঠেছে নাগরিকত্ব। ২০১৪ সালে লোকসভা ভোটের আগে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া হয় আসামে। হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ই এবার এ ইস্যুতে সোচ্চার। হিন্দুদের অভিযোগ, মোদি প্রতিশ্রুতি দিলেও এখন এ ইস্যুতে কিছু বলছেন না। আর মুসলিমদের অভিযোগ, ‘বাংলাদেশি’ বিতাড়নের নামে সংখ্যালঘুদের বিপদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
তবে নাগরিকত্ব ইস্যুতে বিতর্ক বাধলেও এবার ভোট প্রচারে এসে মোদি থেকে শুরু করে রাজনাথ সিং, অমিত শাহরা কেউই নতুন করে কোনো প্রতিশ্রুতি দেওয়ার পথে হাঁটছেন না। আর সেই কারণেই সুষমা স্বরাজের সভা ঘিরে ছিল বাড়তি আগ্রহ।
কিন্তু দিনভর প্রচার চালিয়েও বিকেলে বিজেপি নেতারা জানিয়ে দেন, সুষমার সভা হচ্ছে না। কারণ খারাপ আবহাওয়ার কারণে তাঁর হেলিকপ্টার আসতে পারছে না করিমগঞ্জে। ফলে সভা বাতিল হয়।
শুধু সুষমা স্বরাজ নন, খারাপ আবহাওয়ার কারণে বহু গুরুত্বপূর্ণ নেতাই বিপাকে পড়েন। ১২৬ আসনের আসাম বিধানসভার ভোট প্রচারে কংগ্রেস, বিজেপি ছাড়াও লালুপ্রসাদ যাদবের আরজেডি ও নীতিশকুমারের জেডিইউ-র সঙ্গে জোটবদ্ধ এআইইউডিএফ-এর প্রচারেও হেলিকপ্টারই ভরসা। মোদি-সোনিয়া গান্ধী তো বটেই অমিত শাহ, রাজনাথ সিং থেকে শুরু করে গুলাম নবী আজাদ, তরুণ গগৈ সবাই রাজ্যের এ-প্রান্ত থেকে ও-প্রান্ত উড়ে বেড়াচ্ছেন হেলিকপ্টারে চেপে। এর ফলে সময় যেমন কম লাগছে, তেমনি আকাশে হেলিকপ্টারের চক্কর দেখে কৌতূহলী জনতার বাড়ছে আগ্রহও। তাই আসামের আকাশে এবার রং-বেরং-এর হেলিকপ্টারেরও ভিড় বেশি। কিন্তু আজ বৃহস্পতিবারের প্রতিকূল আবহাওয়া নেতা-নেত্রীদের হেলিকপ্টার-সওয়ারে বিঘ্ন ঘটায়। ফলে বাতিল হয় বহু সভা।