আসামে ফের 'বঙাল খেদা' আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যে ফের ‘বঙাল খেদা’ আন্দোলন শুরু হতে চলছে। নিখিল অসম ছাত্র সংস্থা বা আসুর পক্ষ থেকে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে স্মারকপত্র দিয়ে দাবি তোলা হয়েছে, রাজ্য থেকে তথাকথিত বাংলাদেশিদের বিতাড়ন করতে হবে। তাঁরা এর জন্য সময়ও বেঁধে দিয়েছে রাজ্য সরকারকে। অন্যদিকে, বিজেপির সর্বভারতীয় নেতা রাম মাধব সম্প্রতি গুয়াহাটি সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশ থেকে আসা হিন্দুদের নাগরিকত্ব দিতে বদ্ধপরিকর বিজেপি-শাসিত আসাম সরকার। এই ঘোষণার পর রাজ্যে সংখ্যালঘুরা আরও আতঙ্কে দিন কাটাতে শুরু করেছেন।

আসামের বাঙালিবিদ্বেষ নতুন কিছু নয়। বিজেপি ক্ষমতায় আসার পর হিন্দুরা কিছুটা আশ্বস্ত হলেও মুসলিমদের মধ্যে ভয় আরও বেড়ে গিয়েছে। বর্তমান মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালও একসময় ‘বঙাল খেদা’ আন্দোলনের শীর্ষ নেতা ছিলেন। আসুর সভাপতি ছিলেন তিনি। সেই আসুরই বর্তমান সভাপতি দীপঙ্ক নাথের দাবি, সঠিকভাবে বিদেশি শনাক্ত করতে হবে। সম্প্রতি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি দাবি জানান, ন্যাশনাল রেজিস্ট্রার অব সিটিজেন বা এনআরসি নাগরিকত্ব যাচাইয়ের যে কাজ করছে, সেটা আরও দ্রুত করতে হবে। প্রতিটি জেলায় জেলা শাসকের (প্রশাসক) পাশাপাশি একজন করে সিনিয়র অফিসারকেও এই কাজ তদারকির দায়িত্ব দেওয়ার দাবি তোলেন তিনি।

আসুর সাধারণ সম্পাদক লুরিন জ্যোতি গগৈয়ের অভিযোগ, আসামে ১ কোটি ২০ লাখ বাংলাদেশি বেআইনিভাবে বসবাস করছে। এই তথ্য নাকি কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ এবং বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীরাই তাঁদের দিয়েছেন। আগামী বছরের ১ এপ্রিলের মধ্যে সমস্ত বিদেশিকে শনাক্ত করার দাবি তোলেন তিনি।

বিজেপি অবশ্য সাফ জানিয়ে দিয়েছে, তারা হিন্দুদের পক্ষে। বাংলাদেশ থেকে যাঁরা ‘শরণার্থী হয়ে আসতে বাধ্য’ হয়েছেন, তাঁদের নাগরিকত্ব দিতে আইন সংশোধন করার চেষ্টাও শুরু হয়েছে। এ প্রসঙ্গে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব সাফ জানান, বিজেপি হিন্দুদের পাশে থাকবে।

অন্যদিকে, সংখ্যালঘুদের একটা বড় অংশের নেতা বদরুদ্দিন আজমল সাংবাদিকদের সামনে দাবি তুলেছেন, নাগরিকত্বের নামে সংখ্যালঘুদের হয়রানি করা চলবে না। আসাম চুক্তি মেনে বিষয়টির সমাধানের পক্ষে তিনি। প্রসঙ্গত, আসাম চুক্তি অনুযায়ী ১৯৭১ বা তার আগে থেকে যারা আসামে বসবাস করছে, সবাই ভারতীয় নাগরিক। কংগ্রেসও এই মতেই বিশ্বাসী। সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়েরও কথা, সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষিত রাখতে হবে। বিদেশি খেদাওয়ের নামে ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে সোচ্চার কংগ্রেস।