আসামে বন্দী বাঙালিদের জামিনে মুক্তির নির্দেশ

করোনাভাইরাসের বিস্তারের কারণে ভারতের সুপ্রিম কোর্ট আসাম রাজ্যের ৬টি ডিটেনশন ক্যাম্পে ২ বছর ধরে বন্দী সন্দেহভাজন বাংলাভাষীদের অবিলম্বে জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন।
গতকাল সোমবারের ওই নির্দেশে আরও বলা হয়েছে, এই লকডাউনের মধ্যেই অবিলম্বে ওই বন্দীদের ছেড়ে দেওয়া হোক।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে, বিচারপতি এল নাগেশ্বর রাও এবং বিচারপতি মোহন এম শান্তনা গৌড়ার সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেন।
নাগরিকত্ব যাচাই করতে গিয়ে আসাম সরকার এই বাংলাভাষী নাগরিকদের সন্দেহভাজন ডি-ভোটার হিসেবে গ্রেপ্তার করে রাজ্যের ৬টি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিয়েছে। এখন এই ৬টি ডিটেনশন ক্যাম্পে ৮০১ জন বন্দী রয়েছেন। তাঁদের মধ্যে ৬০ শতাংশ বন্দী ২ বছরের বেশি সময় ধরে রয়েছেন।
আসামের শিলচর, জোড়হাট, ডিব্রুগড়, তেজপুর, গোয়ালপাড়া এবং কোকরাঝাড় জেলায় এই ৬টি ডিটেনশন ক্যাম্প রয়েছে। এই বন্দীদের বেশির ভাগই বাঙালি হিন্দু সম্প্রদায়ের। তাঁরা আসামের নাগরিকত্বের প্রকৃত প্রমাণ দিতে পারেনি। এ কারণে ডি-ভোটার বা সন্দেহজনক ভোটার তালিকায় তাঁদের নাম লিপিবদ্ধ করে ওই ৬টি ডিটেনশন ক্যাম্পে রাখা হয়।
ভিডিও কনফারেন্সে শুনানির সময় সুপ্রিম কোর্ট ওই রায় দেন। তবে আসাম রাজ্য বিজেপি এবং রাজ্য সরকার ওই বন্দীদের জামিনের বিরোধিতা করে।
আসামের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে এই বন্দীদের ছেড়ে দেওয়ার আবেদন জানানো হয়। এরপর আদালত যাদের ২ বছর পার হয়েছে তাঁদের ছেড়ে দেওয়ার নির্দেশ দেন।
আসামের ৬টি ডিটেনশন ক্যাম্পে ৮০১ জন বাংলাভাষী বন্দী রয়েছেন। এই ক্যাম্পে কারাবন্দী অবস্থায় ৩০ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ মৃত্যু হয়েছে গত সপ্তাহে।
আসামের নাগরিক অধিকার রক্ষা কমিটির সচিব প্রধান সাধন পুরকায়স্থ আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে বলেছেন, ‘সুপ্রিম কোর্টের এই নির্দেশে আমরা খুশি। তবে এভাবে নাগরিকত্বের নামে বন্দী করে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ঘটনা মানবাধিকার লঙ্ঘনের সমতুল্য। আমরা আসাম সরকারের এই ভূমিকার নিন্দা জানাই।’ তিনি আরও বলেন, এই ডিটেনশন ক্যাম্পে তাঁদের রাখা হলে হয়ে যান বিদেশি। আর মারা গেলে হয়ে যান ভারতীয়। তখন তাঁর মৃতদেহ পাঠিয়ে দেওয়া হয় নিকটতম আত্মীয়ের কাছে। আর তাঁর শেষকৃত্য হয় একজন ভারতীয় নাগরিক হিসেবে।