আসামে বন্যা দেখতে যাচ্ছেন মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের আসাম রাজ্যে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। ছবি: রয়টার্স
ভারতের আসাম রাজ্যে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। ছবি: রয়টার্স

আসামের বন্যা পরিস্থিতি পরিদর্শনে গুয়াহাটি যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ রোববার গুয়াহাটির মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়।

চলতি মৌসুমে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে আসামে। সরকারি তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত আসামে বন্যায় প্রাণ হারিয়েছে অন্তত ৭৯ জন। এ ছাড়া পুরো ভারতে বন্যায় মৃতের সংখ্যা ৫০৮ জন। এখনো বহু অঞ্চল পানিতে ডুবে আছে।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহত ব্যক্তিদের পরিবারকে দুই লাখ রুপি এবং আহত ব্যক্তিদের ৬০ হাজার রুপি আর্থিক সহায়তা দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বন্যাদুর্গত মানুষের মাঝে নিয়মিত ত্রাণ বিতরণ করা হচ্ছে।

রাজ্যের এই পরিস্থিতিকে জাতীয় সমস্যা বলে ঘোষণার দাবি জানিয়েছে বিরোধী দল কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরা সাংবাদিকদের বলেন, আসামের এই বন্যা গোটা দেশের সমস্যা হিসেবে না দেখলে প্রতিবছরই দুর্ভোগের শিকার হবেন রাজ্যবাসী।

তবে ইতিমধ্যে বরাক ও ব্রহ্মপুত্র নদীর বন্যা প্রতিরোধে বেশ কিছু দীর্ঘমেয়াদি প্রকল্প হাতে নিচ্ছে আসাম ও ভারত সরকার। এর মধ্যে রয়েছে ব্রহ্মপুত্রের ড্রেজিং ও নদীর তীরে ১ হাজার ৩০০ কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণ প্রস্তাব। পাশাপাশি মোহনবাড়ি ও তিনসুকিয়ার মধ্যে ৩৯ দশমিক ৩ কিলোমিটার জাতীয় সড়কে বিমান অবতরণের জন্য রানওয়ে তৈরি। ভারতের জাতীয় সড়ক উন্নয়ন কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ফলে পরবর্তী সময়ে ত্রাণ পৌঁছাতে বিমান পরিষেবাও নিতে পারবে প্রশাসন। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসাম সফরে আরও কিছু প্রকল্পের ঘোষণা আসতে পারে।