আসামে বন্যায় নিহত ৪৫

ভারতের আসাম রাজ্যে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এখন পর্যন্ত মারা গেছে ৪৫ জন।
রাজ্য সরকারের হিসাব অনুযায়ী, ২৪টি জেলার ১৭ লাখ ২০ হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। ব্রহ্মপুত্র, বরাকসহ রাজ্যের বেশির ভাগ নদীর পানিই বিপৎসীমার ওপর দিয়ে বইছে।
আসামের বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। আজ বৃহস্পতিবার বন্যাকবলিত এলাকা সরেজমিনে দেখে গুয়াহাটিতে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।
শুধু আসামই নয়, উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ ও মণিপুরের বন্যার পরিস্থিতিও উদ্বেগজনক। উত্তর-পূর্ব ভারতের বন্যা পরিস্থিতি খারাপ হওয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিরণ রিজেজুর নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করেছে ভারত সরকার। রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা করাই হবে এই দলের কাজ।
গতকাল বুধবার মণিপুরের বন্যা পরিস্থিতি দেখতে যান কিরণ রিজেজু। ইম্ফলে তিনি সাংবাদিকদের বলেন, মেঘ ভাঙা বৃষ্টিতে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। তাঁর সঙ্গে ছিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংও। তাঁদের অভিযোগ, উত্তর-পূর্ব ভারতের বন্যা পরিস্থিতি খারাপ হলেও ভারতের জাতীয় গণমাধ্যম ঠিকমতো দুর্যোগের খবর ছাপছে না। প্রাথমিকভাবে বন্যায় মণিপুরে ১৩১ কোটি রুপির ক্ষতি হয়েছে বলে জানান বীরেন সিং।