আসামে বাঙালিদের বাসের অধিকার চেয়ে পশ্চিমবঙ্গে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসাম ভবনের সামনে ‘আমরা বাঙালির’ বিক্ষোভ। ছবি: ভাস্কর মুখার্জি
আসাম ভবনের সামনে ‘আমরা বাঙালির’ বিক্ষোভ। ছবি: ভাস্কর মুখার্জি

ভারতের আসাম রাজ্যে জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) তালিকায় ৪০ লাখ বাঙালির নাম না ওঠায় ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ। তাঁদের দাবি, ভারতের যেকোনো রাজ্যে সবার বসবাসের অধিকার আছে। তাহলে আসামের ক্ষেত্রে কেন ব্যতিক্রম—এমন প্রশ্ন তোলেন তাঁরা। তাই অবিলম্বে আসামের এনআরসির রিপোর্ট বাতিল করার দাবি জানান।

এনআরসি অবিলম্বে বাতিল করতে হবে আসাম সরকার এবং কেন্দ্রীয় বিজেপি সরকারের। এভাবে আসাম থেকে বাঙালি বিতাড়নের সিদ্ধান্ত তাঁরা মেনে নেবেন না। তাঁরা কোনো সংশোধন নয়, আসামে বাঙালিদের বসবাস করার অধিকার দিতে হবে। ভারতবর্ষের যেকোনো রাজ্যে সবার বাস করার অধিকার আছে। তবে কেন আসামে তার ব্যতিক্রম ঘটবে?

এই এনআরসি বাতিলের দাবিতে এবং আসামে বাঙালিদের বসবাস করার অধিকার প্রতিষ্ঠার দাবিতে আজ বুধবার পশ্চিমবঙ্গে রেল অবরোধ কর্মসূচি পালন করে এই রাজ্যের মতুয়া সম্প্রদায়। তাদের দাবি, আসামে যে ৪০ লাখ বাঙালির নাম বাদ দেওয়া হয়েছে, তার মধ্যে মতুয়া সম্প্রদায়েরই রয়েছে ১৩ থেকে ১৪ লাখ মানুষ। এরা সবাই বাঙালি। তাই তাদের আসামে বসবাস করার অধিকার দিতে হবে। এটা ভারতীয়দের মৌলিক অধিকার।

মতুয়া মহাসংঘের সদস্যরা সকাল নয়টা থেকে পশ্চিমবঙ্গের নদীয়া এবং উত্তর ২৪ পরগনার বিভিন্ন রেলস্টেশন অবরোধ করেন। দমদম, বারাসাত, দমদম ক্যান্টনমেন্ট, সোদপুর, বিরাটি, বারাকপুর, নিউ বারাকপুর, টিটাগড়, সোদপুর, বামনগাছি, পলতা, ঠাকুরনগর, গোবরডাঙ্গা, চাকদা, বগুলা, সন্ডালিয়া, পায়রাডাঙ্গা, হাবড়া, ভ্যাবলা ইত্যাদি রেলস্টেশন স্থবির হয়ে পড়ে। বিপাকে পড়েন নিত্যদিনের অফিসগামী যাত্রীরা। দুপুরে অবরোধ তুলে নিলেও দাবি মানা না হলে রাজ্যব্যাপী তীব্র আন্দোলন গড়ে তোলার হুমকি দেন তাঁরা।

গতকাল মঙ্গলবার একই দাবিতে কলকাতায় অবস্থিত আসাম ও মণিপুর ভবনের সামনে বিক্ষোভ দেখায় ‘আমরা বাঙালি’ সংগঠন। তারা এখানে আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের কুশপুত্তলিকা দাহ করে। এই সংগঠনের কেন্দ্রীয় সচিব বকুল ভদ্র প্রতিবাদ সভায় বলেছেন, ‘বাংলায় সব ধর্ম ও সব ভাষার মানুষের বাস। তবে কেন আসাম ও মণিপুর থেকে বাঙালিদের তাড়ানো হবে? আমরা মানছি না এনআরসি। আমরা চাই, অবিলম্বে এই এনআরসি বাতিল করুক কেন্দ্রের বিজেপি সরকার।’

এদিন আসাম ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে কলকাতার ‘বাংলা পক্ষ’ নামের আর একটি সংগঠনও। এই সংগঠনের নেতা অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায় বলেছেন, ‘আমরা এই এনআরসি মানি না। বিজেপি বাঙালিবিরোধী, তাই তারা এনআরসি প্রয়োগ করেছে। আমরা এনআরসির রিপোর্ট বাতিল চাই।’

গতকাল পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একই ধরনের এনআরসি হতে পারে বলে হুমকি দেন। বলেন, ‘পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে এখানেও এনআরসি প্রয়োগ করা হবে। এনআরসি করে এ রাজ্য থেকে গলাধাক্কা দিয়ে অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। শুধু তা-ই নয়, এই রাজ্যে বিদেশিদের যাঁরা সমর্থন করবেন, তাঁদেরও ঘাড় ধাক্কা দিয়ে পাঠানো হবে বাংলাদেশে।’

এনআরসি তালিকা প্রকাশিত হওয়ার পর প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আসাম থেকে ৪০ লাখ বাঙালি তাড়ানোকে আমরা মেনে নেব না। এর বিরুদ্ধে লড়ব। শেষ দেখা দেখব।’

গতকালই রাজ্য বিধানসভায় এই এনআরসি বাতিলের দাবিতে একটি সর্বদলীয় নিন্দা প্রস্তাব পাস করা হয়। প্রস্তাব পেশ করেন পশ্চিমবঙ্গের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রস্তাব পেশ করে তিনি বলেন, ‘এ এক অমানবিক সিদ্ধান্ত। ভারতের প্রতিটি মানুষের যেকোনো রাজ্যে বসবাস করার অধিকার রয়েছে। এভাবে বিতাড়নের কোনো নজির নেই ভারতে। আর এটা করল আসাম ও কেন্দ্রের বিজেপি সরকার। আমরা এই ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে এনআরসির রিপোর্ট বাতিলের দাবি করছি। এরপরে এই নিন্দা প্রস্তাব নিয়ে কংগ্রেস, বাম দল এবং তৃণমূল কংগ্রেসের বিধায়কেরা আলোচনা করেন। পরে এই সর্বদলীয় প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়।’

আসামের এনআরসি তালিকা প্রকাশিত হয় গত সোমবার। তালিকায় নিজেদের নাম তুলতে আসামে বসবাসকারী ৩ কোটি ২৯ লাখ মানুষ আবেদন করেছিলেন। কিন্তু ঠাঁই হয়েছে ২ কোটি ৮৯ লাখ মানুষের। অর্থাৎ আসামে বসবাসকারী ৪০ থেকে ৪১ লাখ মানুষ ‘ভারতীয়’ হিসেবে ওই তালিকায় নাম তুলতে পারেননি।

এনআরসি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকাশিত তালিকা শুধু খসড়া। এটি চূড়ান্ত কিছু নয়। যাঁরা তালিকায় ঠাঁই পাননি, তাঁরা আবেদন করতে বা আপত্তি জানাতে পারবেন। তালিকায় নামের ব্যাপারে দাবি ও আপত্তির কার্যক্রম আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে এবং ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।