আসামে বাদ পড়া বাঙালিরা ভোট দিতে পারবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মুখ্য নির্বাচন কমিশনার ওমপ্রকাশ রাওয়াত।
ভারতের মুখ্য নির্বাচন কমিশনার ওমপ্রকাশ রাওয়াত।

ভারতের আসাম রাজ্যে জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) তালিকা থেকে নাম বাদ পড়া নাগরিকেরা ভোট দিতে পারবেন। গতকাল বুধবার ভারতের মুখ্য নির্বাচন কমিশনার ওমপ্রকাশ রাওয়াত এ কথা জানান।

মুখ্য নির্বাচন কমিশনার বলেন, আগামী জানুয়ারি মাসে ভোটার তালিকা প্রকাশিত হবে। তাই নির্বাচন কমিশন চূড়ান্ত নাগরিক পঞ্জির জন্য বসে থাকবে না। এতে নাম বাদ পড়া ৪০ লাখ ভোটারের ভোট দেওয়ায় আর বাধা থাকবে না।

নাগরিক পঞ্জিতে যাঁদের নাম ওঠেনি, তাঁরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না, সাংবাদিকেরা ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে জানতে চেয়েছিলেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে ভারতের নির্বাচন কমিশন। এ পরিপ্রেক্ষিতেই গতকাল প্রধান নির্বাচন কমিশনার ওমপ্রকাশ রাওয়াত জানিয়ে দেন, যাঁরা এর আগে ভোট দিয়েছিলেন, তাঁরা ভবিষ্যতেও ভোট দিতে পারবেন। জানুয়ারিতে নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রকাশ করবে।

গত সোমবার আসামে জাতীয় নাগরিক পঞ্জি প্রকাশিত হওয়ার পর মঙ্গলবারই ভারতের সুপ্রিম কোর্ট জানিয়ে দেন, এনআরসির খসড়া থেকে বাদ পড়া ৪০ লাখ মানুষের ওপর যেন কোনো রকম দমনপীড়ন বা জোর-জুলুম করা না হয়।

এনআরসি কর্তৃপক্ষ এর মধ্যে জানিয়ে দিয়েছে, এ বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত নাগরিক পঞ্জি প্রকাশ করা হবে। আর যাঁদের নাম খসড়া তালিকায় ওঠেনি, তাঁদের জন্য নাম অন্তর্ভুক্তির সময় দেওয়া হয়েছে ৩০ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।

আসামের এনআরসি তালিকা প্রকাশিত হয় সোমবার। তালিকায় নিজেদের নাম তুলতে আসামে বসবাসকারী ৩ কোটি ২৯ লাখ মানুষ আবেদন করেছিলেন। কিন্তু ঠাঁই হয়েছে ২ কোটি ৮৯ লাখ মানুষের। অর্থাৎ আসামে বসবাসকারী ৪০ থেকে ৪১ লাখ মানুষ ‘ভারতীয়’ হিসেবে ওই তালিকায় নাম তুলতে পারেননি।

এনআরসি তালিকা প্রকাশিত হওয়ার পর প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আসাম থেকে ৪০ লাখ বাঙালি তাড়ানোকে আমরা মেনে নেব না। এর বিরুদ্ধে লড়ব। শেষ দেখা দেখব।’