আসামে বামদের জোর বাড়ছে

বিজেপি-শাসিত আসামে দারুণ সাড়া পাচ্ছে বাম দল সিপিএম। গুয়াহাটিতে দলের ২২তম রাজ্য সম্মেলনে প্রকাশ্য জনসভায় প্রচুর মানুষের সমাগম আসামের সিপিএম নেতাদের উৎসাহী করে তুলেছে।
গতকাল রোববার থেকে আসামে সিপিএমের তিন দিনের রাজ্য সম্মেলন শুরু হয়েছে।
সম্মেলনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের আসার কথা ছিল। কিন্তু তিনি আসেননি। পলিটব্যুরোর সদস্য বিমান বসু ও এস আর পিল্লাইদের কথা শুনতেই হাজার হাজার মানুষ ভিড় করেন।
সমাবেশে সিপিএম পলিটব্যুরোর সদস্য এস আর পিল্লাই বলেন, নরেন্দ্র মোদির বর্তমান সরকারই স্বাধীনোত্তর ভারতবর্ষের সবচেয়ে নিকৃষ্ট সরকার।
গুয়াহাটির শিল্পগ্রামের সোনারাম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ সম্মেলনের আয়োজন হয়। এই সভায় বিমান বসু নাম না করে সরাসরি আক্রমণ করেন বিজেপির ত্রিপুরার দায়িত্বে থাকা নেতা হিমন্ত বিশ্বশর্মাকে। বিমান বসু বলেন, ‘সারদা কেলেঙ্কারি বা লুইস বার্গার কেলেঙ্কারিতে যার জেলে থাকার কথা ছিল, সে এখন ত্রিপুরা দেখছে। এ-ই হলো বিজেপি!’

সিপিএমের আসাম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুপ্রকাশ তালুকদার প্রথম আলোর কাছে দাবি করেন, বিজেপির শাসনে মানুষ অতিষ্ঠ। তাই তাঁরা লাল ঝান্ডার নিচে স্বেচ্ছায় এগিয়ে আসছেন।
দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর আরেক সদস্য ইকফাকুর রহমান বলেন, বিজেপি আসামে বাঙালি-অসমিয়াদের মধ্যে লড়াই বাধাচ্ছে। আবার ত্রিপুরায় এখন পাহাড়িদের সঙ্গে বাঙালিদের বিরোধ বাধিয়ে ত্রিপুরাকে অশান্ত করার চেষ্টা করছে।
একসময় পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও কেরলের পরই আসাম ছিল বামেদের শক্তিশালী দুর্গ। কিন্তু সেদিন আজ আর নেই। তবু বিজেপি-শাসিত আসামে দলের ২২তম রাজ্য সম্মেলনে প্রকাশ্য সভার ভিড় দেখে বাড়তি অক্সিজেন পেলেন সিপিএমের রাজ্য নেতারা।
এই সম্মেলন উপলক্ষে জানুয়ারি মাসজুড়ে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। আজ সোমবারও থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।