বুথ ফেরত জরিপ: আসামে বিজেপি, পশ্চিমবঙ্গে তৃণমূল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ভারতের পাঁচ রাজ্যের বুথ ফেরত ভোটারদের জরিপের ফল (একজিট পোল) শেষ পর্যন্ত মিলে গেলে এটা স্পষ্ট, সর্বভারতীয় রাজনীতিতে কংগ্রেস আরও দুর্বল হতে চলেছে। আর আগামী দিনে শক্তি সঞ্চয় করতে চলেছে বিজেপি।
আসাম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা ও পদুচেরি—এই পাঁচ রাজ্যের বিধানসভার ভোটের ফলাফল প্রকাশিত হবে ১৯ মে।
কিন্তু আজ সোমবার এবিপি-নিয়েলসন, অ্যাক্সিস-মাই ইন্ডিয়া পোল, সি-ভোটার ও চাণক্য—এই চার সংস্থা যে বুথ ফেরত ফলাফল ঘোষণা করে, তা সত্য হলে এটা বলাই যায়, সর্বভারতীয় রাজনীতিতে বিজেপি নতুন শক্তি সঞ্চয় করতে চলেছে।

বুথ ফেরত জরিপ অনুযায়ী, আসামে ১৫ বছরের কংগ্রেসি শাসনের অবসান ঘটিয়ে এই প্রথমবার ক্ষমতায় আসছে বিজেপি। সেই অর্থে বিজেপির আসাম জয় আরও উল্লেখযোগ্য কারণ, এই প্রথমবার বিজেপি ভারতের উত্তর পূর্বাঞ্চলে পা ফেলবে। পশ্চিমবঙ্গে কংগ্রেস ও বাম জোটের শক্ত চ্যালেঞ্জের মোকাবিলা করে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাজ্য আবার বিজেপিকে হতোদ্যম করতে চলেছে। যদিও বিজেপির সন্তুষ্টির কারণ, তৃণমূল কংগ্রেসকে সরিয়ে এই রাজ্যে অন্তত তাদের সর্বভারতীয় প্রতিপক্ষ কংগ্রেস-বাম জোট ক্ষমতায় আসছে না। কেরালায় প্রতি পাঁচ বছর অন্তর ক্ষমতার হাতবদল হয়। এবারেও তার অন্যথা হচ্ছে না। কংগ্রেস শাসিত ইউডিএফের হাত থেকে শাসনভার যেতে চলেছে বামপন্থীদের এলডিএফের কাছে। কিন্তু উল্লেখযোগ্যভাবে এই রাজ্যে বিজেপি এই প্রথমবার মাথা তুলে দাঁড়াতে চলেছে। কেরালায় বিজেপি তিন-চারটি আসন পেলে তা তাদের কাছে বিরাট ব্যাপার। দাক্ষিণাত্যে কর্ণাটকের পরেই যে রাজ্যের দিকে বিজেপির নজর তা কেরালা। তামিলনাড়ুতে অবসান ঘটতে চলেছে জয়ললিতার রাজত্বের। সেখানে ডিএমকে-কংগ্রেস জোট দখল করতে চলেছে আগামী পাঁচ বছরের রাজ্য চালানোর অধিকার। ৯২ বছরের করুণানিধির কাছে এই সম্ভাব্য জয় একটা বিরাট ব্যাপার। কারণ, রাজনৈতিক জীবনের সায়াহ্নে তিনি শুধু তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীই হতে চলেছেন তা–ই নয়, পুদুচেরিতেও দলকে ক্ষমতায় আনছেন।
এই পাঁচ রাজ্যের ভোটে মানুষের সবচেয়ে বেশি নজর ছিল আসাম ও পশ্চিমবঙ্গের দিকে। আসাম এ কারণে, এই প্রথমবার সেখানে দীর্ঘ কংগ্রেস শাসনের ধারাবাহিকতাকে চ্যালেঞ্জ জানিয়েছিল বিজেপি। নির্বাচনের আগেই তারা তাদের সম্ভাব্য মুখমন্ত্রী হিসেবে তরুণ উপজাতি নেতা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী সর্বানন্দ সনোয়ালের নাম ঘোষণা করে। কংগ্রেসের মূল সাংগঠনিক শক্তি যাঁর হাতে ছিল, সেই হিমন্ত বিশ্বশর্মাকেও বিজেপি তাদের শিবিরে নিয়ে আসে। পাশাপাশি দুই ছোট অথচ গুরুত্বপূর্ণ দল অসম গণপরিষদ (এজিপি) ও বরো পিপলস ফ্রন্টের সঙ্গে বিজেপি গাঁটছড়া বাঁধে। এই চ্যালেঞ্জের মোকাবিলায় কংগ্রেসের নীতি ছিল একলা চলো।
আসামে বিজেপির সম্ভাব্য ক্ষমতায়ন অবশ্য বাংলাদেশ-ভারতের সম্পর্কে প্রভাব ফেলতে পারে। বিজেপি ও তার শরিক অসম গণপরিষদের কাছে অনুপ্রবেশ একটা স্পর্শকাতর বিষয়। নির্বাচনী প্রচারের সময় অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর বিষয়টি এই দুই দল বড় করে তুলে ধরেছে। নির্বাচনী সেই প্রতিশ্রুতি পালন করতে গেলে এই রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলোতে নতুন করে উত্তেজনার সৃষ্টি হওয়ার একটা আশঙ্কা রয়েছে। আদালত মারফত চিহ্নিত অনুপ্রবেশকারীদের জোর করে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রতিশ্রুতি পালনের সঙ্গেও দ্বিপক্ষীয় সম্পর্ক জড়িত রয়েছে। আসামে বিজেপির এই প্রথমবার ক্ষমতা লাভ তাই ভারতের পররাষ্ট্রনীতির পক্ষেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
আসাম হারালে কংগ্রেসকে অবশ্যই হতোদ্যম হতে হবে। তবে তাদের কাছে কিঞ্চিৎ আশার বিষয় তামিলনাড়ুতে জোট সরকারের শরিক হিসেবে ক্ষমতায় আসা এবং বামপন্থীদের সঙ্গে হাত মিলিয়ে পশ্চিমবঙ্গে পায়ের তলার জমি রক্ষা। তৃণমূল কংগ্রেস যে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে, চার সংস্থার জরিপেই সেই ইঙ্গিত মিলেছে। যদিও বিভিন্ন সংস্থার জরিপে আসনের ফারাক বিস্তর। একটি সংস্থা অ্যাক্সিস-মাই পোল এই রাজ্যে তৃণমূল কংগ্রেসকে ২৩৩-২৫৩টি আসন দিয়েছে। সবচেয়ে কম ১৬৩ আসন দিয়েছে এবিপি-নিয়েলসন। এই সংস্থা আবার ২৫টি আসনকে চিহ্নিত করেছে, যেখানে জয়ের মার্জিন ৫ শতাংশের কম। এই ২৫ আসন তৃণমূল না পেলে তা যদি জোটের দিকে আসে, তা হলে আবার ক্ষমতায় চলে আসছে বাম-কংগ্রেস জোট।