আসামে বিজেপিতে দানা বাঁধছে অসন্তোষ
কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া ভারতের আসাম রাজ্যের সাবেক স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে ঘিরে রাজ্য বিজেপিতে অসন্তোষ দানা বাঁধছে। রাজ্য বিজেপির প্রতিষ্ঠিত ও পুরোনো নেতারা দলের সভাপতি অমিত শাহর সঙ্গে দেখা করে তাঁদের অসন্তোষের কথা জানান। হিমন্তকে দলে বেশি প্রাধান্য ও গুরুত্ব দেওয়ার বিপদ কী, দলীয় নেতারা সভাপতিকে তা-ও জানিয়েছেন।
হিমন্ত বিশ্বশর্মা ছিলেন কংগ্রেস নেতা আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ মন্ত্রিসভার কার্যত দ্বিতীয় ব্যক্তি। মুখ্যমন্ত্রী-তনয় গৌরব গগৈয়ের উত্থানে তিনি নিজেকে কোণঠাসা ভাবতে শুরু করেন। শেষ পর্যন্ত গত মাসের শেষে তিনি বিজেপিতে যোগ দেন। দিল্লি থেকে গুয়াহাটি ফেরার দিন কংগ্রেসের ১০ জন বিধায়ক বিমানবন্দরে গিয়ে হিমন্তকে স্বাগত জানান। কংগ্রেস তাঁদের দল থেকে বহিষ্কার করেছে। ওই ১০ বিধায়কও বিজেপিতে যোগ দিতে চলেছেন। হিমন্ত জানিয়েছেন, আরও দশজনের মতো বিধায়ক কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসতে চলেছেন।
এখানেই বিপদ দেখছেন রাজ্য বিজেপির পুরোনো নেতারা। তাঁরা মনে করছেন, হিমন্ত ও তাঁর অনুগামীদের দলে বাড়তি গুরুত্ব দিলে, যাঁরাই তাঁর সঙ্গে কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসবেন, তাঁদের সবাইকে টিকিট দিলে পুরোনো কর্মী ও নেতাদের দিক থেকে একটা স্বাভাবিক প্রতিরোধ গড়ে উঠবে। ভোটে তার প্রতিফলনও ঘটতে বাধ্য। অমিত শাহকে তাঁরা এই বিপদের কথা জানিয়েছেন।
হিমন্তের নজর বরাবরই ছিল মুখ্যমন্ত্রীর আসনের দিকে। তরুণ গগৈয়ের সঙ্গে তাঁর বিরোধও সেই কারণে। রাজ্যে বিজেপির ক্ষমতায় আসার মতো অবস্থার সৃষ্টি হলে তখনো তিনি সেই পদের দাবিদার হতে পারেন। দীর্ঘদিন ধরে রাজ্যে যাঁরা বিজেপির সংগঠন করে আসছেন, অমিত শাহকে তাঁরা এই বিষয়েও সজাগ করেছেন।