আসামে বিজেপির নির্বাচন অভিযান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের মধ্য দিয়ে আসাম অভিযান শুরু করেছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি। চলতি মাসেই দ্বিতীয় মেয়াদে বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হতে চলেছেন অমিত শাহ। তার পর আসাম দখলে তিনিও নেমে পড়বেন। 

আসামে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মঙ্গলবার যে নির্বাচনী প্রচার শুরু করলেন, তাতে স্থানীয় বিতর্কিত বিষয়গুলি অনুচ্চারিত রেখে তিনি মূলত উন্নয়নের প্রশ্নে কংগ্রেসকে বিদ্ধ করেছেন। নরেন্দ্র মোদি বলেন, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এই রাজ্য থেকেই রাজ্যসভায় নির্বাচিত। দশ বছর তিনি তিনি দেশ চালিয়েছেন। রাজ্যে কংগ্রেস রয়েছে টানা পনেরো বছর। ভেবেছিলাম, রাজ্যটি উন্নয়নের দিক থেকে প্রথম সারিতে বসবে। অথচ দেশের উত্তর-পূর্বাঞ্চলের অন্য রাজ্যগুলোর মতোই আসাম পিছিয়ে রয়েছে।
মোদি বলেন, কংগ্রেস পনেরো বছরে যে কাজ করতে পারেনি, সেই কাজ তিনি পনেরো মাসে করবেন বলে কংগ্রেস কী করে আশা করে তা বোঝা দায়। জনসভায় তিনি বলেন, আসামের জন্য তাঁর কাজ তিনটি। উন্নয়ন, উন্নয়ন এবং উন্নয়ন।
প্রধানমন্ত্রী শুধু উন্নয়ন নিয়ে কথা বললেও আসামে প্রধানত যে বিষয়টি প্রত্যেক ভোটে আলোচনার শীর্ষে উঠে আসে তা হল অনুপ্রবেশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংও সম্প্রতি রাজ্যে গিয়ে কাঁটাতারের বেড়ার অসমাপ্ত কাজ শেষ করার কথা বলেছিলেন। কিন্তু মোদি ওই প্রসঙ্গের ধারে কাছেও হাঁটেননি। এ ছাড়া সীমান্ত বিলের বাস্তবায়ন তাঁর সাফল্যের মুকুটের অন্যতম ঝলমলে পালক হলেও সেই বিষয়টির বিন্দুমাত্র অবতারণাও তিনি করেননি। কারণ, রাজ্যে বিজেপি বারবার এই চুক্তি বাস্তবায়নের বিরোধিতা করেছে। রাজ্যের এক ইঞ্চি জমিও না দেওয়ার কথা বলে এসেছে। এখন কৃতিত্ব নিলে কংগ্রেস রাজনৈতিকভাবে তা ব্যবহার করতে পারে।
দুর্নীতি নিয়ে কংগ্রেসকে দোষ দিলেও এই প্রশ্নে বিজেপি কিছুটা আড়ষ্ট। কারণ, কংগ্রেস আমলে যাঁদের বিরুদ্ধে দুর্নীতির পাহাড় প্রমাণ অভিযোগ ছিল, সেই হিমন্ত বিশ্বশর্মা ও তাঁর অনুগামীরা এখন বিজেপিতে। দুর্নীতির প্রশ্নে দল থেকে বিতাড়িত ও বিজেপিতে আশ্রিতদের বিরুদ্ধেই কংগ্রেস সরব। কাজেই নির্বাচনী প্রচারে বিজেপি অন্য রাজ্যে যতটা আগ্রাসী, আসামে ততটা নয়। বরং কিছুটা স্তিমিতই।
এই অবস্থায় বিজেপির প্রধান হাতিয়ার উন্নয়ন। তার পাশাপাশি তারা চাইছে পাটিগণিতের অঙ্কে কংগ্রেসকে পেছনে ফেলতে। এ জন্য গত সোমবার তারা বোড়োল্যান্ড পিপলস ফ্রন্টের (বিপিএফ) সঙ্গে জোট বেঁধেছে। ২০১১ সালে বিধানসভা ভোটে বিপিএফ ১২টি আসনে জিতেছিল। এ ছাড়া বিভিন্ন জনজাতির সঙ্গেও বিজেপি যোগাযোগ শুরু করেছে। অসম গণ পরিষদ (এজিপি) পেয়েছিল ১০টি আসন। রাজ্যে কংগ্রেস ও বিজেপি দুই দলের বিরুদ্ধেই তারা লড়বে। আসাম ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এইউডিএফ) ও কংগ্রেস ভোটের আগে হাতে হাত মেলাবে কি না সেই নিয়ে দুই দলই সিদ্ধান্তহীনতায় ভুগছে। তবে জনপ্রিয় ধারণা, ভোটের পর সরকার গড়তে কংগ্রেস ও এইউডিএফ কাছে আসবে। এই সম্ভাব্য জোটের মোকাবিলায় বিজেপির আপাতত বাজি বিপিএফ।
অমিত শাহ নিশ্চিতভাবেই দ্বিতীয়বারের জন্য সভাপতি নির্বাচিত হচ্ছেন। এ বিষয়ে আরএসএস এবং বিজেপিতে কোনো দ্বিমত নেই। সভাপতি নির্বাচিত হয়ে তিনি প্রথম যাবেন গুজরাটের সোমনাথ মন্দিরে। সেখানে প্রার্থনা শেষে তিনি আসাম ও পশ্চিমবঙ্গের দিকে নজর দেবেন বলে দলীয় সূত্রের খবর।