আসামে বৃদ্ধ মা-বাবার ওপর নির্যাতন বাড়ছে
ভারতের আসামে বৃদ্ধ মা-বাবার ওপর নির্যাতন বাড়ছে। বৃদ্ধদের ওপর নির্যাতন বন্ধে আসাম সরকার ‘প্রণাম’ ও ‘হ্যালো মা’-এর মতো কয়েকটি প্রকল্প নিয়েছে। কিন্তু এসব প্রকল্পের বাস্তব কোনো ফল পাওয়া যাচ্ছে না। সম্প্রতি আসামে দুটি পৃথক ঘটনায় বাবা ও মায়ের ওপর নির্যাতন ও তাঁদের খুন করার অভিযোগ উঠেছে।
আসামের বিজেপি সরকার বৃদ্ধ মা-বাবার কথা ভেবে চালু করছে ‘প্রণাম’। এই প্রকল্পে রাজ্য সরকারি কর্মীরা মা-বাবাকে না দেখলে বেতনের ১০ শতাংশ সরকার কেটে নিয়ে সেটা অসহায় মা-বাবার হাতে তুলে দেবে। আর ‘হ্যালো মা’-এর মাধ্যমে নিঃসঙ্গ মায়েরা নির্দিষ্ট নম্বরে ফোন করে প্রাণ খুলে কথা বলতে পারবেন। কিন্তু এসব করে লাভ কী? প্রশ্ন তুলছে বিভিন্ন মহল। কারণ, সরকারি কর্মীদের বাইরেও তো অনেক মানুষ রয়েছে। মানসিকতা না বদল হলে শুধু আইন দিয়ে কিছু হবে না।
আসাম পুলিশের ভাষ্য, প্রমোদ আগরওয়াল তাঁর মাকে নদীতে ফেলে খুন করেছেন। আসামের নগাঁও জেলার হয়বরগাঁও মারোয়াড়ি বস্তির এই যুবক তাঁর বৃদ্ধা মা রত্নাদেবীকে রিকশা করে নিয়ে গিয়ে কাঠের সেতু থেকে বুধবার রাতে খরস্রোতা কলং নদীতে ফেলে দেন। রত্নাদেবীর মৃতদেহ আজ শুক্রবার সকালেও উদ্ধার হয়নি।
প্রতিবেশীদের কাছ ঘটনার বিবরণ শুনে পুলিশ বৃহস্পতিবার প্রমোদকে গ্রেপ্তার করেছে। তিনি এমন কাণ্ড ঘটানোর কথা স্বীকার করে বলেন, চিকিৎসার খরচ জোগাড় করতে না পেরে মাকে নদীর পানিতে ভাসিয়ে দিয়েছেন।
আরেকটি ঘটনা ঘটেছে আসামের যোরহাট শহরের উপকণ্ঠে শিন্নামঙ্গল ফাঁড়ির অধীনে করঙ্গজানিয়া গ্রামে। অভিজিৎ গগৈ নামের এক যুবক তাঁর বাবাকে পিটিয়ে খুন করেছেন। গ্রামবাসী পুলিশকে জানায়, গত রোববার মুনিন গগৈয়ের সঙ্গে ছেলে অভিজিতের বাগ্বিতণ্ডা শুরু হলে একপর্যায়ে অভিজিৎ বাবাকে লাঠিপেটা করেন। গুরুতর জখম হন তাঁর বাবা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিজিৎকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সামাজিক সংস্থা ব্যতিক্রম-এর প্রধান সৌমেন ভারতিয়া এ প্রসঙ্গে বলেন, ‘দুটি ঘটনাই বৃদ্ধ মা-বাবার প্রতি সন্তানদের নৃশংস অত্যাচারের উদাহরণ মাত্র। রাজ্যে এমন ঘটনা আরও ঘটছে।’