উগ্রপন্থী বোড়োদের ধরতে জঙ্গলে সামরিক হেলিকপ্টার দিয়ে অভিযান চলছে
আসামে বোড়োদের বিরুদ্ধে 'ব্যাপক' অভিযান চলছে
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বিচ্ছিন্নতাবাদী বোড়োদের ভয়াবহ হামলার পর গতকাল বৃহস্পতিবার তাদের দমনে ব্যাপক অভিযান চলে। বোড়োবিরোধী অভিযানে সামরিক হেলিকপ্টার মোতায়েন করা হয়। দুটি জেলায় সহিংসতার পর দুই হাজারের বেশি মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছে। খবর এএফপি, রয়টার্স ও এনডিটিভির।
একজন সামরিক কর্মকর্তা বলেন, অরুণাচল রাজ্য এবং ভুটানে পালানোর চেষ্টারত উগ্রপন্থী বোড়োদের ধরতে আসামের জঙ্গলে সামরিক হেলিকপ্টার দিয়ে অভিযান চলছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, গত মঙ্গলবারের বোড়ো হামলার পর আসামে বাড়তি পাঁচ হাজার সেনা মোতায়েন করা হয়েছে।
পরিস্থিতির খোঁজ নিতে গতকাল আসামে যাওয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সাংবাদিকদের বলেন, ‘এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। আমরা অত্যন্ত কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছি।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বলেছি, সন্ত্রাসবাদকে বিন্দুমাত্র সহ্য করা হবে না।’
অর্থনৈতিক উন্নয়ন ছাড়াও জাতীয় নিরাপত্তা রক্ষায় কঠোর হওয়ার প্রতিশ্রুতি দিয়ে গত মে মাসে নরেন্দ্র মোদির সরকার ক্ষমতায় আসে।
আসামের প্রত্যন্ত শোণিতপুর ও কোকড়াঝাড় জেলার একাধিক গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় এক ঘণ্টা ধরে একের পর এক হামলা চালায় বোড়ো অস্ত্রধারীরা। এতে নিহত হয় ৬৫ জন। এতে ক্ষুব্ধ অন্য উপজাতীয় গোষ্ঠীর মানুষ গত বুধবার বিক্ষোভ করে এবং বোড়ো সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় সহিংসতায় তিনজন বোড়ো নিহত হয়। এ ছাড়া হামলার শিকার হওয়া লোকজন বিচার দাবিতে থানা ঘেরাও করলে পুলিশ তাদের ওপর গুলি চালায়। এতে নিহত হয় পাঁচজন।
শোণিতপুর ও কোকড়াঝাড়ের পাশাপাশি বুধবার বোড়োরা রাজ্যের উদালগুরি জেলায় হামলা চালানোর পর সেখানেও সহিংসতা ছড়িয়ে
পড়ে বলে খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজ্যের কয়েকটি অংশে বুধবার কারফিউ জারি করা হয়।
বিচ্ছিন্নতাবাদী বোড়োদের সংগঠন ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অব বোড়োল্যান্ড (এনডিএফবি) মঙ্গলবারের হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। বোড়োদের জন্য একটি স্বাধীন ভূখণ্ডের দাবিতে কয়েক দশক ধরে সহিংস আন্দোলন করছে এনডিএফবি।
কলকাতা প্রতিনিধি জানান, আসামে বোড়োদের হামলায় আতঙ্কিত হয়ে কোকরাঝাড় ও শিমুলবাড়ি থেকে পশ্চিমবঙ্গের আলীপুরদুয়ার জেলায় পালিয়ে এসেছে ছয় শর বেশি আদিবাসী। তাদের জন্য চ্যাংমারি পঞ্চায়েত এলাকার একটি বিদ্যালয়ে ত্রাণশিবির খোলা হয়েছে। বোড়োদের হাতে নিহত ব্যক্তিদের পরিবারপিছু ১০ লাখ রুপি করে সাহায্য এবং পুনর্বাসনের দাবিতে গতকাল পশ্চিমবঙ্গের মালদহের একলাখি রেলস্টেশনে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়।