আসামে মাদ্রাসাশিক্ষা সাধারণ শিক্ষার অধীনে আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিজেপিশাসিত রাজ্য আসামে মাদ্রাসাশিক্ষাকে ঢেলে সাজাচ্ছে রাজ্য সরকার। ছুটির দিন শুক্রবার থেকে রোববার করার পর এবার মাদ্রাসা বোর্ড ভেঙে দিয়ে মধ্যশিক্ষা পর্ষদের অধীনে নিয়ে আসা হচ্ছে মাদ্রাসাশিক্ষাকে। রাজ্যের শিক্ষামন্ত্রী এক টুইট বার্তায় জানিয়েছেন এই সিদ্ধান্তের কথা।
উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে বড় রাজ্য আসামের অধিবাসীদের ৩৪ দশমিক ২২ শতাংশই মুসলিম সম্প্রদায়ের। এত দিন ভারতের অন্য রাজ্যগুলোর মতো আসামেও মাদ্রাসাশিক্ষার জন্য পৃথক কর্তৃপক্ষ ছিল। রাজ্যের মাদ্রাসাশিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহল থেকে। এমন প্রেক্ষাপটে আসাম সরকার ঠিক করেছে, এখন থেকে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো মাদ্রাসাশিক্ষাও রাজ্য সরকারের সাধারণ শিক্ষা পর্ষদের অধীনেই হবে।
রাজ্যের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা গতকাল বুধবার গৌহাটিতে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে মন্ত্রী মন্তব্য করেন, মাদ্রাসায় পড়ুয়ারা মূলধারার শিক্ষার আওতার বাইরে থাকায় হীনম্মন্যতায় ভোগে। তাদের শিক্ষার মূলস্রোতে আনার জন্যই রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছে।