আসামে মোদিবিরোধী প্রচারে ভিএইচপি ও বজরং দলের সদস্যরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) বেশির ভাগ সদস্যই মোদি সরকারের ওপর আর আস্থা রাখতে পারছেন না। জানা গেছে, দুটি দলের ৯০ শতাংশ ক্যাডারই দল ছেড়ে দিয়ে মোদিবিরোধী প্রচারে নামতে পারেন। এ খবর মোদি শিবিরের জন্য বড় ধরনের ধাক্কা হতে পারে।

আসামে রীতিমতো ধস নেমেছে ভিএইচপি ও বজরং দলে। বজরং দলের জেলা সংযোজক দীপ জ্যোতি শর্মা গুয়াহাটিতে সাংবাদিকদের জানান, গুয়াহাটির ৮২০ জন ক্যাডারের মধ্যে ৮১৬ জনই বজরং দল ছেড়ে দিয়েছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, আসামে ১৪ হাজার বজরং দলের কর্মী আছেন। তাঁদের ১৩ হাজার ৯০০ জন দল ছেড়েছেন।

দীপ জ্যোতির দেওয়া তথ্যমতে, গুয়াহাটিতে ভিএইচপির ৪০০ সদস্যের মধ্যে ৩৮০ জনই এখন দলত্যাগী। ভিএইচপির ১১ জন কার্যকরী সদস্যের মধ্যে ১০ জনই এখন দলে নেই।

রোববার গুয়াহাটিতে ভিএইচপি দপ্তরে ফোন করে জানা যায়, তথ্য দেওয়ার বা কথা বলার মতো কোনো কর্তাই অফিসে নেই।

সাংবাদিকদের দীপ জ্যোতি বলেন, নরেন্দ্র মোদির কাজকর্মে তাঁরা সবাই ক্ষুব্ধ। তাঁরা বিজেপির বিরুদ্ধেই ২০১৯-এ ভোট প্রচারে নামবেন। তবে, ভিএইচপি বা বজরং দল ছাড়লেও তাঁরা উগ্র হিন্দুত্ববাদী সংগঠনেই থাকছেন। প্রবীণ তোঘারিয়ার নেতৃত্বাধীন নতুন সংগঠনে যোগ দেবেন তাঁরা। তবে তাঁদের সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) কোনো যোগাযোগ থাকবে না।

২৪ জুন তোঘারিয়া নতুন সংগঠন ঘোষণা করতে যাচ্ছেন। ১ জুলাই তাঁর গুয়াহাটি আসার কথা। তার আগেই আসামে প্রায় ধুয়েমুছে সাফ হওয়ার জোগাড় ভিএইচপি-বজরং দল।