আসামে সংগ্রাম চলবে, তবে গণতান্ত্রিকভাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসাম রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সদ্য মুক্তি পাওয়া নেতা অনুপ চেটিয়া বলেছেন, ‘আমাদের সংগ্রাম চলবেই। তবে এই সংগ্রাম সশস্ত্র হবে না। এটি হবে গণতান্ত্রিক।’
উলফার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক চেটিয়া গত বৃহস্পতিবার গুয়াহাটির কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। গত শুক্রবার তিনি এ কথা বলেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
অনুপ চেটিয়া শুক্রবার তাঁর গ্রামের বাড়ি আসামের ডিব্রুগড় জেলার জেরাই চাকালিভোরিয়ায় যান। তিনি সেখানে বলেন, ‘এখন আমি শান্তির আলোচনা চালিয়ে যাব। ১৯৯২ সালে যেমন পালিয়ে গিয়েছিলাম এবার তা যাব না। পাল্টে যাওয়া বৈশ্বিক রাজনৈতিক পরিমণ্ডলের ক্ষেত্রে এটাই বাস্তবতা।’
পালিয়ে থাকা উলফার আরেক শীর্ষ নেতা ভারত সরকারের সঙ্গে চলমান শান্তি আলোচনায় যোগ দেবেন, তা চান অনুপ চেটিয়া। তিনি বলেন, ‘আমি আশা করি পরেশ আমাদের সঙ্গে যোগ দেবেন। তাঁর এ বিষয়টি ভাবা উচিত। তাঁকে পাশে পেলে আমি খুশি হব।’