উত্তর-পূর্ব ভারতে আসামের নির্বাচনে ‘বাংলাদেশি’ই প্রধান ইস্যু। আগামীকাল সোমবার ভোটপর্ব শুরুর আগে নির্বাচনী প্রতিপক্ষদের ইশতেহার আর বিভিন্ন সভা-সমাবেশে ভাষণ লক্ষ্য করলেই এটা স্পষ্ট। টানা ১৫ বছর ধরে ক্ষমতাসীন কংগ্রেসকে হারাতে বিজেপি হঠাৎ ‘বাংলাদেশি বহিষ্কার’ই প্রধান ইস্যু করেছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের অভিযোগ, ‘বেআইনিভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীরাই আসামের উন্নয়নের প্রধান শত্রু। সেই সঙ্গে দেশের সুরক্ষাকেও প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে।’ অন্যদিকে বর্ষীয়ান কংগ্রেস নেতা রাজ্যের মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের দাবি, ‘আসামে একজনও বাংলাদেশি নেই। বিজেপি বাংলাদেশির নামে মুসলিমদের সঙ্গে সংঘাত সৃষ্টির চেষ্টা করছে।’
সোমবার আসাম বিধানসভার দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন। রাজ্যের ১২৬টি আসনের মধ্যে ৬১টি আসনে ভোট কাল। ভোট হবে রাজ্যের রাজধানী গুয়াহাটিসহ নিমনী (দক্ষিণ) আসামের বিস্তীর্ণ এলাকায়। রাজ্যের ৩৬ শতাংশ মুসলিম ভোটারের মধ্যে দ্বিতীয় দফাতে বেশির ভাগ আসনেই তাঁদের আধিপত্য বেশি। তবু ‘বিদেশি’ বিতরণের নামে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে মুসলিমদের ভয় দেখানোর চেষ্টায় কোনো ত্রুটি নেই বিজেপির। বিজেপির শীর্ষ নেতা হীমন্ত বিশ্বশর্মা আগেই হুমকি দিয়েছিলেন, ১৯৭১ নয়, ১৯৫১ সালের পর যাঁরা বাংলাদেশ থেকে আসামে এসেছেন, তাঁদের তাড়িয়ে দেওয়া হবে। আর ভোট প্রচারের শেষ লগ্নে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সাংবাদিকদের জানিয়ে গেলেন, ‘ক্ষমতায় এলে তিন মাসের মধ্যে বাংলাদেশি বিতরণের রোড ম্যাপ করা হবে।’
কংগ্রেস অবশ্য প্রথম থেকেই রাজ্যের সংখ্যালঘুদের নিরাপত্তার অভয়দানে কার্পণ্য করেনি। ভোটযুদ্ধে নেমে তরুণ গগৈ বারবার সাংবাদিকদের কাছে দাবি করেছেন, ‘আসামে একজনও বাংলাদেশি নেই। সব মিথ্যা কথা আর অপপ্রচার।’ তাঁর মতে, সংঘাতের কথা বলে বিজেপি রাজ্যে বিকাশের পথই বন্ধ করে দিতে চাইছে। কংগ্রেসের মতোই এআইইউডিএফ-ও বেশি গুরুত্ব দিয়েছে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টিকেই।
শুধু বাংলাদেশি ইস্যুই নয়, সীমান্ত চুক্তিও (ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট) আসাম ভোটের বড় ইস্যু। বিজেপি বিভিন্ন জনসভায় দাবি করেছে, সীমান্ত চিহ্নিতকরণের দীর্ঘদিনের সমস্যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাত্র দু-বছরেই সমাধান করেছেন। কিন্তু বিজেপির জোটসঙ্গী অসম গণপরিষদ (অগপ) এই সীমান্ত চুক্তির ঘোরতর বিরোধী ছিল। তাঁরা এই ইস্যুতে হরতালও পালন করে। তাই কংগ্রেস তাঁদের প্রচারে তুলে এনেছে, সীমান্ত চুক্তির বিরোধীরা এখন কেন চুপ! দাবি আর পাল্টা দাবি, অভিযোগ আর পাল্টা অভিযোগেই প্রচার বেশ জমে উঠেছিল আসামে। শুধু সমাবেশ বা হোর্ডিং-দেয়াললিখন নয়, সুরে-ছন্দে ব্যঙ্গাত্মক সংগীতে আক্রমণ ও প্রতি আক্রমণে বেশ জমজমাট ছিল গত এক মাসের ভোট প্রচার।
প্রচারপর্ব শেষ। এবার ভোট গ্রহণের পালা। ইতিমধ্যেই বুথে বুথে পৌঁছে গিয়েছেন ভোটকর্মীরা। নেওয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা। বেশির ভাগ বুথেই মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। সেই সঙ্গে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে বাংলাদেশ ও ভুটান সীমান্তে। চলছে বাড়তি নজরদারি। নির্বাচনী পর্যবেক্ষকেরা ছাড়া একেবারে তৃণমূল স্তরেও নিয়োগ করা হয়েছে মাইক্রো পর্যবেক্ষক। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বিজয়েন্দ্র সাংবাদিকদের জানিয়েছেন, প্রস্তুতি শেষ। অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে বিক্ষিপ্ত গোলমালের। এখন দেখার বিষয়, প্রথম দফার মতোই দ্বিতীয় দফাতেও বিনা রক্তপাতে ভোট গ্রহণ পর্ব শেষ হয় কি না। সেটাই নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ।
ভোট ঘিরে ভোটারদের মধ্যে উৎসাহে খামতি নেই। রাজধানী গুয়াহাটি এখন পরিচিত ভিড় থেকে অনেকটাই মুক্ত। কারণ, শহরের একটা বড় অংশের মানুষ ভোট দিতে নিজেদের স্থায়ী বসবাস স্থলে চলে গিয়েছেন। নির্বাচনী ডিউটির কারণে শহরে গাড়ি-বাসের সংখ্যাও কম। আধা সেনা জওয়ানদের টহলদারি চলছে। চলছে শেষ মুহূর্তের নীরব প্রচারও। রিকশা বা অটোতেও (সিএনজির মতো) উড়ছে বিভিন্ন দলীয় পতাকা। দলীয় সমর্থকদের কারও কপালে ‘হাত’, মাথায় ‘হাতি’, গলায় ‘পদ্ম’ বা পীঠে ‘তালাচাবি’! আসলে এগুলো সবই দলীয় প্রতীক। হাত কংগ্রেসের, হাতি অগপর, পদ্ম বিজেপির আর তালাচাবি এআইইউডিএফের। জনতা জনার্দনের কোনটি পছন্দ, সেটাই এখন দেখার বিষয়।