আসামে 'বিদেশি' তকমায় সাবেক ফৌজি কর্তা গ্রেপ্তার, প্রতিবাদ

ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেনের গায়েও লাগানো হলো বিদেশি তকমা। তিন দশক ধরে সেনাবাহিনীর চাকরির পর বর্তমান আসাম পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সানা উল্লাহকে গ্রেপ্তার করায় আসামজুড়ে চলছে আন্দোলন। নিন্দার ঝড় বইছে।
গত বুধবার আসাম পুলিশের এসআই মোহাম্মদ সানা উল্লাহকে গ্রেপ্তারের নির্দেশ দেন আসামের বিদেশি ট্রাইব্যুনাল। কারণ, ট্রাইব্যুনালের বিচারে তিনি বিদেশি। তাঁর স্থান হয় জেলখানার ভেতর, বিদেশি বন্দিশালায়।
কংগ্রেসের অভিযোগ, শুধু সানা উল্লাহ নন, আসামের ধর্মীয় ও ভাষিক সংখ্যালঘুদের নামের পাশে ‘বিদেশি’ তকমা লাগিয়ে হয়রানি করা হচ্ছে।
রাজ্যের বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিজেপি সরকার তাঁদের নিরপেক্ষ ভূমিকা নিতে ব্যর্থ। সংখ্যালঘুদের প্রতি এ ধরনের অমানবিক আচরণ নিন্দনীয়।
সানা উল্লাহ ২০১৮ সাল থেকে আসামের বর্ডার পুলিশের সঙ্গে যুক্ত। এর আগে ১৯৮৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত ছিলেন ভারতীয় সেনাবাহিনীতে। সাধারণ ফৌজি হিসেবে যোগ দিয়ে সেনাবাহিনীর ক্যাপ্টেন পদেও উন্নীত হন। কারগিল যুদ্ধে সক্রিয় অংশ নেন। ২০১৪ সালে তাঁর কর্মদক্ষতার জন্য দেওয়া হয় ভারতের রাষ্ট্রপতি পদক। ২০১৭ সালে সেনাবাহিনী থেকে অবসর নেন তিনি। তারপর ২০১৮ সালে বর্ডার পুলিশে এসআই হিসেবে তিনি যোগ দেন। তবু ব্যর্থ নিজেকে ভারতীয় প্রমাণ করতে।
সানা উল্লাহকে গ্রেপ্তারে প্রতিবাদের ঝড় বইছে বিজেপি–শাসিত আসামে। রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বর্ষীয়ান কংগ্রেস নেতা তরুণ গগৈ সাংবাদিকদের বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক। একজন দেশপ্রেমিকের (সেনাসদস্য) সঙ্গে এ ধরনের আচরণ অমানবিক। অবিলম্বে নিঃশর্তে মুক্তি দিতে হবে সানা উল্লাহকে।
সারা আসাম সংখ্যালঘু ছাত্রসংগঠন এর নিন্দা জানিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। তারা মুখ্যমন্ত্রী সর্বানন্দ সেনোয়ালের কুশপুতুল দাহ করে।
গুয়াহাটি থেকে বর্ষীয়ান আইনজীবী ও মানবাধিকারকর্মী হাফিজ চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সংখ্যালঘুদের বিরুদ্ধে এ ধরনের আচরণ চলছে। এর আগে আজমল হক নামের আরেক ফৌজির সঙ্গেও এ আচরণ করা হয়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে আজমল বিদেশি তকমা মুক্ত হন।
জানা গেছে, সানা উল্লাহর পরিবার সেনাকর্তাদের সঙ্গে দেখা করেছে। সেনাকর্তারা বিষয়টি নিয়ে সানা উল্লাহর পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।