আসামের জন্য সংগ্রাম চলবে: অনুপ চেটিয়া
আসামের জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার কথা বলেছেন ভারতের উলফা নেতা অনুপ চেটিয়া। আসামের গুয়াহাটির কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তির একদিন পর গতকাল শুক্রবার তিনি এ কথা বলেন। খবর দ্য ইন্ডিয়ার এক্সপ্রেসের
উলফার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া বলেন, ‘আমাদের সংগ্রাম চলবে। তবে সেই সংগ্রাম আর সশস্ত্র হবে না। আমাদের সংগ্রামটি হবে গণতান্ত্রিক।’
অনুপ চেটিয়া বলেন, ‘আমি ১৯৯২ সালের মতো পালিয়ে যাব না। আমি চলমান শান্তি আলোচনায় যোগ দেব। পরিবর্তিত বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে এটি প্রয়োজন। তবে আসামের জাতীয় পরিচিতির সুরক্ষায় আমাদের সংগ্রাম চলবে, গণতান্ত্রিক পন্থায়।’
ভারতের আসাম রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার শীর্ষ নেতা অনুপ চেটিয়া গত বৃহস্পতিবার জামিনে মুক্তি পান। তাঁর বিরুদ্ধে চারটি মামলার মধ্যে সর্বশেষটিতে গত বুধবার তাঁকে জামিন দেন আদালত। আর কোনো মামলা না থাকায় তাঁকে মুক্তি দেওয়া হয়।
অনুপ চেটিয়া ১৯৯৭ সাল থেকে বাংলাদেশের কারাগারে বন্দী ছিলেন। গত মাসেই তাঁকে ভারতের কাছে হস্তান্তর করা হয়। অনুপ চেটিয়ার সঙ্গে তাঁর দুই সহযোগী লক্ষ্মী প্রসাদ গোস্বামী ও বাবুল শর্মাকেও হস্তান্তর করা হয়।
১৯৯৭ সালের ২১ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) অন্যতম শীর্ষ নেতা অনুপ চেটিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাঁর বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অবস্থান এবং অবৈধভাবে বিদেশি মুদ্রা ও একটি স্যাটেলাইট ফোন রাখার অভিযোগে তিনটি মামলা হয়।