আসামের জাতীয় উদ্যান থেকে সরছে রাজীব গান্ধীর নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজীব গান্ধী ওরাং জাতীয় উদ্যান
ছবি: উদ্যানের ফেসবুক থেকে নেওয়া

আসামের একটি জাতীয় উদ্যান থেকে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নাম অপসারণ করা হচ্ছে। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রাজীব গান্ধীর নামে থাকা আসামের জাতীয় উদ্যানটি ওরাংয়ে অবস্থিত। উদ্যানটির নাম পরিবর্তনের বিষয়ে আসাম রাজ্য সরকারের মন্ত্রিসভা গতকাল বুধবার একটি প্রস্তাব পাস করেছে।

আসামের মন্ত্রিসভায় পাস হওয়া প্রস্তাব অনুযায়ী, রাজীব গান্ধীর নামে থাকা জাতীয় উদ্যানটির নতুন নামকরণ করা হবে। উদ্যানটির নতুন নাম হবে ‘ওরাং জাতীয় উদ্যান’।

বিজেপির নেতৃত্বাধীন রাজ্য সরকারের ভাষ্য, উদ্যানটির নাম পরিবর্তনের জন্য একাধিক সংগঠন সরকারের কাছে দাবি জানিয়েছে। তাদের এ দাবির পরিপ্রেক্ষিতে উদ্যানটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আসাম রাজ্য সরকার এক বিবৃতিতে বলেছে, ‘আদিবাসী সম্প্রদায়ের দাবি বিবেচনায় নিয়ে মন্ত্রিসভা রাজীব গান্ধী জাতীয় উদ্যানের নাম পরিবর্তন করে ওরাং জাতীয় উদ্যান করার সিদ্ধান্ত নিয়েছে।’

উদ্যানটি ব্রহ্মপুত্র নদের উত্তর তীরে অবস্থিত। উদ্যানটি বেঙ্গল টাইগার, ভারতীয় গন্ডার, পিগমি হগ, বুনো হাতি ও বুনো মহিষের জন্য পরিচিত।

উদ্যানটির আয়তন ৭৯ দশমিক ২৮ বর্গকিলোমিটার। ১৯৮৫ সালে উদ্যানটিকে অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়। একে ১৯৯৯ সালে জাতীয় উদ্যান করা হয়।

১৯৯২ সালে রাজীব গান্ধীর নামে উদ্যানটির নামকরণ করা হয়। ২০০১ সালে রাজ্যের তৎকালীন কংগ্রেস সরকার এটির নাম রাখে রাজীব গান্ধী ওরাং জাতীয় উদ্যান।