আসামের নাগরিক পঞ্জি বাতিলের দাবিতে কলকাতায় মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসামের নাগরিক পঞ্জির বিরুদ্ধে কলেজ স্ট্রিটে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের মিছিল। কলকাতা, ১ সেপ্টেম্বর। ছবি: ভাস্কর মুখার্জি
আসামের নাগরিক পঞ্জির বিরুদ্ধে কলেজ স্ট্রিটে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের মিছিল। কলকাতা, ১ সেপ্টেম্বর। ছবি: ভাস্কর মুখার্জি

ভারতের আসাম রাজ্যে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) বাতিলের দাবিতে কলকাতায় বিক্ষোভ-সমাবেশ করেছে কয়েকটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের ভাষ্য, নাগরিক পঞ্জির নামে আসামে বাঙালিদের হেনস্তা ও সাম্প্রদায়িক বিভেদ তৈরি করছে বিজেপি।

শনিবার বিকেলে কলকাতার কলেজ স্ট্রিটে প্রথমে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে উত্তর কলকাতার বাগবাজারে তা সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে কলকাতার বিভিন্ন গণসংগঠনসহ সাম্প্রদায়িকতাবিরোধী মঞ্চ এবং ভাষা ও চেতনা সমিতির সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষ অংশ নেন।

সমাবেশে অধ্যাপক ইমানুল হক বলেন, ‘আজ কেন্দ্রের বিজেপি সরকারের মতো আসামেরও বিজেপি সরকার আমাদের যুগ যুগ ধরে থাকা সাম্প্রদায়িক সম্প্রীতিতে ফাটল ধরানোর জন্য উঠেপড়ে লেগেছে। নাগরিক পঞ্জির নামে আসামে সাম্প্রদায়িক বিভাজনে মেতে উঠেছে বিজেপি। আমরা কোনোক্রমেই আসামের এই সিদ্ধান্তকে মেনে নিতে পারিনি। এর বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

১৭টি বাম দলের প্রতিবাদ মিছিল
এদিকে বিশ্ব শান্তি দিবস সামনে রেখে শনিবার কলকাতায় বিশাল মিছিল করেছে ১৭টি বাম দল। তারাও বিজেপির বিরুদ্ধে আসামে এনসিআরের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগ তোলে।

রামলীলা ময়দানে বাম দলের মিছিল। কলকাতা, ১ সেপ্টেম্বর। ছবি: ভাস্কর মুখার্জি
রামলীলা ময়দানে বাম দলের মিছিল। কলকাতা, ১ সেপ্টেম্বর। ছবি: ভাস্কর মুখার্জি

বাম দলগুলোর এই কর্মসূচি শুরু হয় কলকাতার রামলীলা ময়দান থেকে। শেষ হয় মহাজাতি সদন চত্বরে। এতে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, আরএসপি নেতা মনোজ ভট্টাচার্য, সিপিআই নেতা মঞ্জু কুমার মজুমদার, পশ্চিমবঙ্গের বিধানসভার বাম দলের পরিষদীয় দলনেতা বিধায়ক সুজন চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।