আসামের রাজ্যপালের বিতর্কিত মন্তব্যে তোলপাড়
‘হিন্দুস্তান কেবল হিন্দুদের জন্য’—এমন মন্তব্য করে তোপের মুখে পড়েছেন আসামের রাজ্যপাল পদ্মনাভ বালাকৃষ্ণ আচার্য। তিনি গত শনিবার গুয়াহাটিতে এক অনুষ্ঠানে বলেন, নাগরিকদের জাতীয় তালিকায় (এনআরসি) একজনও বাংলাদেশির নাম থাকতে পারবে না। খবর এনডিটিভির।
রাজ্যপাল আচার্যের ওই মন্তব্যের তীব্র সমালোচনা হয়েছে। আগের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি গতকাল রোববার সংবাদ সম্মেলন ডেকে বলেন, যেকোনো জায়গায় নিপীড়িত হিন্দুদের ভারতে আশ্রয় চাওয়ার অধিকার রয়েছে। তিনি এ কথাই বলতে চেয়েছেন। বাংলাদেশে নির্যাতিত যেকোনো হিন্দুর ভারতে আসার অধিকার রয়েছে। শুধু হিন্দুরা কেন, যে কারও এ অধিকার আছে।
জনতা দলের (সংযুক্ত) সাংসদ কে সি ত্যাগী বলেন, আসামের রাজ্যপালের বক্তব্য সংবিধানবিরোধী। আশা করি, তিনি আর এমন অসাংবিধানিক কথা বলবেন না।
কংগ্রেস নেতা সত্যব্রত চতুর্বেদী বলেন, রাজ্যপালের পদে থেকে কেউ এ ধরনের বক্তব্য দিচ্ছেন, তা দেখে কেন্দ্রীয় সরকারের ভেবে দেখা উচিত, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) মতাদর্শের কাউকে গভর্নর নিয়োগ করলে পরিণাম কী হতে পারে। কংগ্রেসের অভিযোগ, নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীন দল বিজেপি আসামে রাজনৈতিক মেরুকরণ করতে চাইছে।