আস্থা ভোটে জিতলেন গোয়ার মুখ্যমন্ত্রী পারিকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের গোয়া রাজ্যের বিধানসভায় গতকাল বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ আস্থা ভোটে জিতে গেছেন মুখ্যমন্ত্রী মনোহর পারিকর। বিজেপির নেতৃত্বাধীন জোট সরকারের প্রতি ২২ জন বিধায়ক সমর্থন দিয়েছেন। ফলে সেখানে সরকার গঠন প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা ও উদ্বেগের অবসান ঘটল।
সুপ্রিম কোর্টের নির্দেশনার পর কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর পদ ছেড়ে গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে পারিকর গত মঙ্গলবার শপথ নেন। তাঁর মন্ত্রিসভার ৯ জন সদস্যও শপথ নিয়েছেন। সুপ্রিম কোর্ট অবিলম্বে আস্থা ভোট নিয়ে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণেরও নির্দেশ দেন পারিকর সরকারকে। কারণ, পারিকরের দল বিজেপি গোয়ার বিধানসভা নির্বাচনে দ্বিতীয় স্থান পেয়েছে। তবে তারা সরকার গঠনের জন্য অন্য দলের ১২ জন বিধায়কের সমর্থন জোগাড় করতে সক্ষম হয়।
ছোট রাজ্য গোয়ার ৪০ আসনের বিধানসভায় ২১টি আসন পেলেই সরকার গঠন করা যায়। কংগ্রেস ১৭টি আসনে জয়ী হয়। বিজেপি পায় ১৩টি। এরপরও ছোট দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠন করে ফেলল তারা। বিজেপির সরকার গঠন ঠেকাতে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল কংগ্রেস। দলটির অভিযোগ, তারাই বেশি আসন পেলেও রাজ্যের গভর্নর মৃদুলা সিনহা সংবিধান লঙ্ঘন করে বিজেপিকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন।